ফেলানী হত্যার ঘটনা নিয়ে হাইকোর্টে রিট
কুড়িগ্রাম সীমান্তে ফেলানী নামের ১৫ বছরের কিশোরী হত্যার ঘটনা প্রতিরোধে ব্যর্থ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি দাখিল করা হয়।জানা যায়, ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় কাঁটাতারের বেড়ায় আটকে পড়া ফেলানীকে গুলি চালিয়ে হত্যা করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। ওই ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটসের পক্ষে সেক্রেটারি জেনারেল তাজুল ইসলাম রিট আবেদন করেন। তাজুল ইসলাম জানান, রিট আবেদনটি আদালতে দাখিল করা হয়েছে। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন।রিট আবেদনে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে পদক্ষেপ নিতে ও ফেলানীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।