ফেলানী হত্যার ঘটনায় ভারত দুঃখ প্রকাশ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী নিহত হওয়ার ঘটনায় দিল্লি সমবেদনা জানিয়েছে। বিয়োগান্ত ওই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করেছে ভারত। তবে সীমান্তে প্রাণহানি রোধে রাতে ওইসব এলাকায় চলাচল বন্ধ ও বৈধ পথে সীমান্ত পাড়ি দেওয়ার ব্যাপারে লোকজনকে সচেতন করে তুলতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে ভারত।আজ বুধবার ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কার্য দলের (জেডব্লিউজি) বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিএসএফের হাতে বাংলাদেশের নাগরিকদের প্রাণহানি রোধে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানায় বাংলাদেশ। পাশাপাশি সীমান্তে হত্যা বন্ধে ভারতকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ।রাজধানীর একটি হোটেলে জেডব্লিউজির দুই দিনের ওই বৈঠক শেষ হয়। বৈঠকে সীমান্তে নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন ও পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনার পর বেশ কিছু প্রস্তাব এসেছে।যুগ্ম সচিব পর্যায়ের বাংলাদেশের ১২ সদস্যের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ। আর ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন, সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর-পূর্বাঞ্চল) শম্ভু সিং।জেডব্লিউজির বৈঠক শেষে আলোচনার সম্মত ঘোষণায় সই করেন কামাল উদ্দিন আহমেদ ও শম্ভু সিং।কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সীমান্ত ব্যবস্থাপনা, পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা প্রসঙ্গে তাঁদের বিস্তারিত আলোচনা হয়েছে। ওই আলোচনার আলোকে স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে তাঁরা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। ওই প্রস্তাবনায় কী আছে, সেটি তিনি জানাতে রাজি হননি।শম্ভু সিং জানান, অত্যন্ত হূদ্যতাপূর্ণ পরিবেশে বেশ খোলামেলাভাবে দুই পক্ষ আলোচনা করেছে।কিশোরী ফেলানী হত্যার জন্য ভারত দুঃখ প্রকাশ করেছে কি না, জানতে চাইলে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অপারগতা জানান শম্ভু সিং। তিনি বলেন, ‘আলোচনায় অংশ নিতে ভারতীয় স্বরাষ্ট্রসচিব এখন ঢাকায়। এ পরিস্থিতিতে কোনো বিষয়ে মন্তব্য করাটা আমার জন্য সমীচীন হবে না।’অন্যদিকে, সীমান্তে হত্যা বন্ধে দেখামাত্র গুলি করার নীতি থেকে সরে এসে বিকল্প খোঁজার ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবে ভারত সম্মতি দিয়েছে কি না, জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান কামাল উদ্দিন আহমেদ।