ফেলানী হত্যার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করেছে ভারত। গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কার্যদলের (জেডব্লিউজি) বৈঠকে ভারত দুঃখ প্রকাশ ও সমবেদনা জানায়। একই সঙ্গে প্রতিবেশী দেশটি প্রাণহানি রোধে রাতে সীমান্তে চলাচল বন্ধ ও বৈধ পথে সীমান্ত পার হতে বাংলাদেশিদের সচেতন করে তুলতে অনুরোধ জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফের হাতে প্রাণহানি রোধে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানানো হয়। সীমান্তে হত্যা বন্ধে ভারতকে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানায় বাংলাদেশ। ঢাকার একটি হোটেলে গতকাল জেডব্লিউজির দুই দিনের বৈঠক শেষ হয়। যুগ্ম সচিব পর্যায়ের ওই বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ। আর ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর-পূর্বাঞ্চল) শম্ভু সিং। বৈঠক শেষে যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সীমান্ত ব্যবস্থাপনা, পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা প্রসঙ্গে তাঁদের বিস্তারিত আলোচনা হয়েছে। ওই আলোচনার আলোকে স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে তাঁরা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ‘নিরাপত্তা প্রসঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের আগে তা আমরা নিজেদের মধ্যেই সীমিত রাখতে চাই।’ভারতীয় পক্ষের শম্ভু সিং জানান, অত্যন্ত হূদ্যতাপূর্ণ পরিবেশে বেশ খোলামেলাভাবে আলোচনা হয়েছে। কিশোরী ফেলানী হত্যার জন্য ভারত দুঃখ প্রকাশ করেছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে অপারগতা জানান শম্ভু সিং। তিনি বলেন, ‘আলোচনায় অংশ নিতে ভারতীয় স্বরাষ্ট্রসচিব এখন ঢাকায় রয়েছেন। এ পরিস্থিতিতে কোনো বিষয়ে মন্তব্য করাটা আমার জন্য সমীচীন হবে না।’অন্যদিকে, সীমান্তে দেখামাত্র গুলি করার নীতি থেকে সরে এসে বিকল্প খোঁজার ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবে ভারত সম্মতি দিয়েছে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাব এড়িয়ে যান কামাল উদ্দিন আহমেদ। এদিকে জেডব্লিউজির বৈঠক শেষে গতকাল দুপুরে উভয় দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের দুই দিনের বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার ১৫ সদস্যের স্বাগতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। আর ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সে দেশের স্বরাষ্ট্রসচিব গোপাল কে পিল্লাই।জানা গেছে, স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে সীমান্তে হত্যা বন্ধের জন্য পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বাংলাদেশ গুরুত্ব দিয়েছে। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, সীমান্তে লোকজনকে দেখামাত্র গুলির যে নীতি বিএসএফ নিয়ে থাকে, সেটি বন্ধ করতে হবে। বৈঠকে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ভারত আলোচনা তোলে। তবে এ ব্যাপারে বাংলাদেশ সুস্পষ্টভাবে কিছু জানায়নি। সূত্র জানায়, বৈঠকে ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তর এবং অচিহ্নিত সীমানা চিহ্নিত করার ব্যাপারেও আলোচনা হয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় যাতে এ বিষয়গুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়, সে ব্যাপারে দুই পক্ষ গুরুত্বারোপ করে। এ বিষয়ে স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে একটি রূপরেখা তৈরির পরিকল্পনা আছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ঢাকা সফরে এলে সীমান্তের অমীমাংসিত সমস্যা সমাধানের প্রস্তাবগুলো অনুমোদন করা হবে।আগামী এক থেকে দেড় মাসের মধ্যে চিদাম্বরমের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তাঁর ওই সফরে সীমান্ত সমস্যার পাশাপাশি নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতাসংক্রান্ত কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।