ফেলানীর মা ও ভাইবোনদের ফেরত পাঠিয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর মা জাহানারা বেগম (৩৫) এবং ভাইবোন মালেকা (১৩), জানু মিয়া (১১), আরফান (৯), আক্কাস (৭) ও কাজলীকে (৩) ফেরত দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ফেলানীর মা ও ভাইবোনদের বিজিবির কাছে ফেরত দেওয়ার কথা নিশ্চিত করেছেন। ফেলানী গত ৭ জানুয়ারি ভোরে বাবা নুর ইসলামের সঙ্গে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের গুলিতে নিহত হয়। নিহত হওয়ার ৩০ ঘণ্টা পর বিএসএফ লাশ ফেরত দেয়। নিহত হওয়ার ৬৩ ঘণ্টা পর তার লাশ দাফন করা হয়। বিয়ে ঠিক হওয়ায় তার মা ও ভাইবোনদের ভারতের আসাম রাজ্যের বনগাইগাঁও টুনিয়াপাড়ার বস্তিতে রেখে তার বাবা তাকে ভারত থেকে নিয়ে আসছিলেন।৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ফেলানীর বাড়িতে আসলে তার বাবা নূর ইসলাম তার পরিবারকে ফিরিয়ে আনার অনুরোধ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ফিরিয়ে আনার আশ্বাস দেন। এরই পরিপ্রেক্ষিতে তাদের ফিরিয়ে আনা হলো।সূত্র জানায়, হস্তান্তরের সময় ২৭ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার এবং ভারতের ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মহেন্দ্র সিং উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৮-এর ৪ ও ৫ এস সাব-পিলারের পার্শ্ববর্তী উত্তর অনন্তপুর নাগরাজ সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়। বাসস।