দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনসহ ১০ জন কৃতী ব্যক্তিত্বকে বাংলা একাডেমী সম্মানসূচক ফেলোশিপ ২০১২ প্রদান করা হয়েছে।বাসসের খবরে বলা হয়, আজ শুক্রবার একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলা একাডেমীর ৩৫তম বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে, বিকেলে এই সম্মাননা প্রদান করা হয়।ফেলোশিপপ্রাপ্তদের হাতে সম্মাননাপত্র, সম্মাননা স্মারক তুলে দেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক শামসুজ্জামান খান।গবেষণায় ফেলোশিপপ্রাপ্ত মহীউদ্দীন খান আলমগীরের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ভাতিজা অধ্যাপক মুনতাসীর মামুন।সম্মাননাপ্রাপ্ত অন্য সাতজন হলেন: বিচারপতি তাফাজ্জাল ইসলাম (বিচার ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য), মুর্তজা বশীর (চিত্রকলায়), প্রাণ গোপাল দত্ত (চিকিত্সা, চিকিত্সা-প্রশাসন ও সমাজসেবায়), মহিউদ্দিন আহমেদ (গ্রন্থ-উন্নয়ন ও প্রকাশনাশিল্পের প্রসার ও বিকাশে), রামকানাই দাশ (সংগীতে), এম সাইদুজ্জামান (অর্থ ব্যবস্থাপনায়) এবং আতিউর রহমান (অর্থ ব্যবস্থাপনা ও সংস্কৃতিচর্চায়)।সকালে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে অংশবিশেষ পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী সাধারণ সভা শুরু হয়।