ফেসবুক ও মাইক্রোসফট ব্যবহারকারীদের তথ্য খুঁজছেন মার্কিন গোয়েন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট ও ফোন ব্যবহারকারী বিদেশিদের নানা তথ্য জোগাড় করার জন্য কর্মসূচি চালিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ক্ষোভের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও কম্পিউটার ব্যবসাপ্রতিষ্ঠান মাইক্রোসফট এবার পুরোনো আগুনে ঘি ঢেলেছে। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) তাদের বিভিন্ন ব্যবহারকারীর তথ্য খুঁজছে।ফেসবুক কর্তৃপক্ষ আজ শনিবার বলেছে, গোয়েন্দারা কয়েক হাজার ফেসবুক ব্যবহারকারীর বিস্তারিত তথ্য চেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমটিকে নির্দেশ দিয়েছে।বিবিসি বলছে, ব্যবহারকারীদের তথ্য সরবরাহের জন্য ২০১২ সালের শেষ ছয় মাসে মার্কিন সরকারের পক্ষ থেকে নয় থেকে ১০ হাজার অনুরোধ করা হয়েছে ফেসবুককে।ফেসবুক বলছে, গোয়েন্দারা ১৮ হাজার থেকে ১৯ হাজার ব্যবহারকারীর বিভিন্ন তথ্য চেয়ে পাঠায়। স্থানীয় পর্যায়ের দুর্নীতি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তথ্য চাওয়া হয়।মাইক্রোসফট বলছে, ৩১ থেকে ৩২ হাজার ব্যবহারকারীর তথ্য চেয়ে এনএসএ প্রতিষ্ঠানটির কাছে ছয় থেকে সাত হাজার অনুরোধপত্র পাঠিয়েছে।সম্প্রতি সিআইএর সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর গোপন কর্মকাণ্ডের তথ্য ফাঁস করেছেন। আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে কীভাবে মার্কিন গোয়েন্দারা ‘প্রিজম’ নামের এক কর্মসূচির মাধ্যমে বিশ্বের কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করছে, তা প্রকাশিত হয়ে পড়ে। স্নোডেনের ফাঁস করা তথ্য থেকে জানা গেছে, গোয়েন্দাদের বিশেষ সুবিধা দিতে সরকার এক গোপন আদালতের মাধ্যমে আইন পাস করিয়েছে।তথ্য ফাঁসের পর যুক্তরাষ্ট্র সরকার দেশে ও বিদেশে তোপের মুখে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের কাছে জবাব চেয়ে পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে জনবিক্ষোভ চলছে।গত সপ্তাহেই জানা গিয়েছিল, ফেসবুক, গুগল, ইয়াহু, অ্যাপেল ও মাইক্রোসফটের মতো অতিকায় প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবহারকারীদের প্রোফাইলে এনএসএর কর্মীদের ‘সরাসরি’ প্রবেশের অনুমতি দিয়েছে। প্রতিষ্ঠানগুলো গোয়েন্দাদের তথ্য সংগ্রহের অনুমতিও দিয়েছে।জনবিক্ষোভের মুখে এসব প্রতিষ্ঠান বলছে, তারা গোয়েন্দাদের তথ্য সংগ্রহের অনুমতি দেয়নি, যা করেছে দেশের আইনানুযায়ী করেছে।