ফেসবুক নিয়ে গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করলেন যে তরুণী
শ্রেয়া সিংহল নামের দিল্লির এক আইনের শিক্ষার্থী ভারতের সুপ্রিম কোর্টে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্ট এর একটি ধারা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ফেসবুকে একটি ঘটনা নিয়ে মন্তব্য করায় এ ধারার আওতায় দুইজন নারীকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শ্রেয়া এ সম্পর্কিত আনুষ্ঠানিক আবেদনটি (পিটিশন) আদালতে উপস্থাপন করেন।শ্রেয়া তাঁর আবেদনে বলেন, শিবসেনাপ্রধান বাল থাকরের মৃত্যুকে কেন্দ্র করে পুরো মুম্বাই নগরী অচল করে দেওয়া হয়। এ নিয়ে ওই দুই নারী ফেসবুকে তাদের মতামত দেন। পরে শিবসেনার একজন নেতা ওই নারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। শ্রেয়া তার আবেদনে, গত এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করায় একজন অধ্যাপকের গ্রেপ্তার হওয়ার বিষয়টিও উল্লেখ করেন।শ্রেয়া এনডিটিভিকে বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে সাধারণ মানুষ তাদের মতামত দেন, কিন্তু এজন্য তাদেরকে গ্রেপ্তার করা হয় না। তাহলে ইন্টারনেটে মতামত প্রদান কেন ব্যতিক্রম হবে? এটাও তো মানুষের মত প্রকাশের আরেকটি মঞ্চ। আমি মনে করি এ আইনের আওতায় কাউকে গ্রেপ্তার করা হবে ধারাটির অপপ্রয়োগের শামিল।’ভারতের প্রধান বিচারপতি আলতামাস কবির শ্রেয়া সিংহলের ওই আবেদনকে স্বাগত জানিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা বিস্মিত কেন এতদিন কেউ এ ধারার বিপক্ষে কোন আবেদন নিয়ে এগিয়ে এলেন না। এমনকি স্বতঃপ্রণোদিত হয়েও কেউ এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেনি।ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্ট এর ৬৬ (ক) ধারায় বলা হয়েছে, কেউ যদি কম্পিউটার বা অন্য কোন ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে এমন কোন তথ্য যা অশোভন, হুমকির সৃষ্টি করে কিংবা বিশৃঙ্খলা ও ঘৃণা ছড়িয়ে দেয় তাহলে তাকে তিন বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। এ আইনের আওতায় ওই দুই নারীকে গ্রেপ্তার করার পর ভারতজুড়ে নিন্দার ঝড় ওঠে। আজ অবশ্য ওই দুই নারীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়।