ফেসবুক নিয়ে বিড়ম্বনায় জাহিদ হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক নিয়ে ভালোই যন্ত্রণার মধ্যে আছেন অভিনয়শিল্পী ও নির্মাতা জাহিদ হাসান। ফেসবুক নিয়ে তিনি বেশ উদ্বিগ্নই বলা চলে। এ প্রসঙ্গে প্রথম আলো অনলাইনকে জাহিদ হাসান বলেন, ‘কিছুদিন আগে হঠাত্ করেই আমার মুঠোফোনে অপরিচিত নম্বর থেকে একটি মেয়ের ফোন আসে। সে জানায় অনেক কষ্টে আমার মুঠোফোন নম্বর সংগ্রহ করেছে। মেয়েটি আমাকে জানায় আমার ফেসবুক আইডি থেকে তাঁর কাছে নাকি টাকা চাওয়া হয়েছে। বিষয়টি শোনার পর আমি তো অবাক! রীতিমতো অস্বস্তিতেই পড়ি। তারপর ওই মেয়েটিকে বলি এ ধরনের কোনো ফেসবুক আইডি আমার নেই। আপনি কারও সাথে এ ধরনের আইডিতে যোগাযোগ করবেন না।’জাহিদ হাসান আরও বলেন, ‘পরে জানতে পারলাম ফেসবুকে আমার নাম ও ছবি দিয়ে আরও কয়েকটি আইডি রয়েছে। যা আসলে সত্যিই বিভ্রান্তিকর।’জাহিদ হাসান বর্তমানে রয়েছেন সমুদ্রশহর কক্সবাজারে। তবে সেখানে কোনো নাটকের শুটিংয়ে নয়, গেছেন পরিবারের সবার সঙ্গে অবসর সময় কাটানোর জন্য। মা, বোন, স্ত্রী ও সন্তানদের নিয়ে জাহিদ হাসান কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে গেছেন।এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘নাটকের কাজ করতে করতে পরিবারকে সময় দেওয়া একেবারেই হয়ে ওঠে না। তাই এবার কয়েক দিনের জন্য সময় বের করে মাসহ পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজার বেড়াতে চলে এলাম। নিজের মতো করে একান্তে কয়েকটা দিন পরিবারের সবার সঙ্গে কাটানোর জন্য। বেশ আনন্দেই কেটে যাচ্ছে আমাদের প্রতিটি দিন।’কক্সবাজারে বেড়ানো শেষে কাল রোববার পুরো পরিবার নিয়ে ঢাকায় ফিরবেন জাহিদ হাসান। জানিয়েছেন, ঢাকায় ফিরেই তিনি আবার নাটকের কাজ শুরু করবেন।