ফেসবুকে আইন অধিকার পেজে যোগ দিয়ে মতামত ও আইনি জিজ্ঞাসা করতে পারেন। ছাপা হবে আইন অধিকার পাতায়। www.facebook.com/AINADHIKARপ্রশ্ন: ২০১০ সালে আমাদের এক নিকটাত্মীয়কে বেশ বড় অঙ্কের কিছু টাকা বিশেষ প্রয়োজনে আমার মা একটি বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম থেকে টাঙ্গাইলে পাঠান। কিন্তু পরে টাকা ফেরত চাইলে ওই আত্মীয় নানা টালবাহানা করতে থাকে। পারিবারিকভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করেও ফল পাইনি। তাই আমরা আইনের সাহায্য নিতে চাইছি। উল্লেখ্য, আমাদের কাছে যে কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন হয়েছিল, তার রসিদ সংরক্ষিত আছে। আমি জানতে চাই—১) প্রাথমিকভাবে মামলায় না গিয়ে অন্য কোনো আইনি প্রক্রিয়ায় আমরা কি তাদের সতর্ক করতে পারি?২) অর্থ পুনরুদ্ধারের জন্য কোন ধারায় মামলা করতে হবে?আমরা বর্তমানে চট্টগ্রামে থাকি, আমাদের সেই আত্মীয় টাঙ্গাইলে থাকে। এ ক্ষেত্রে আমরা কি চট্টগ্রাম আদালতে মামলা করতে পারব? জানালে খুব উপকৃত হব।নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুকউত্তর: এ বিষয়ে মামলায় যেতে না চাইলে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠাতে পারেন। দ্বিতীয়ত, মামলা করতে চাইলে ফৌজদারি আদালতে প্রতারণার মামলা করতে পারেন। অর্থ পুনরুদ্ধার করার জন্য মানিস্যুট (অর্থ মোকদ্দমা) দায়ের করতে পারেন দেওয়ানি আদালতে। এ জন্য দাবি করা অর্থের মূল্য অনুপাতে কোর্ট ফি দিতে হবে। সাধারণত মামলা করতে হয় যেখানে অপরাধ সংঘটিত হয়েছে, সেই স্থানে।প্রশ্ন: আমরা ছয় ভাই। আমি সবার ছোট। আমার জন্মের অনেক আগেই বাবা আমার বড় ভাইদের নামে প্রায় চার বিঘা করে জমি কেনেন। জমি কেনার সময় আমার ভাইয়েরা নাবালক ছিল। আমার প্রশ্ন হলো, আমার ভাইদের নামে যে জমি আমার বাবা কিনে দিয়েছেন, তাতে কি আমি অংশ পেতে পারি?গাজি মুহম্মদউত্তর: আপনার প্রশ্নটি পরিষ্কার নয়। আপনার বাবা কি আপনার বড় ভাইদের জমি দান করে দিয়েছেন? যদি দান করে দিয়ে থাকেন, তাহলে আপনি এ জমিতে অংশ দাবি করতে পারবেন না। এ ছাড়া যদি ভাইদের নামে রেজিস্ট্রি করে দিয়ে থাকেন, তাহলেও আপনি জমির অংশ দাবি করতে পারবেন না।প্রশ্ন: আমি জানতে চাইছি, কাবিননামা যদি কাজি না দেন, তাহলে কি কোনোভাবে তালাক সম্পন্ন করা যায়? যদি করা যায়, সেটা কীভাবে? কাজি এলাকার প্রভাবশালী ব্যক্তিদের চাপে কাবিননামা দিতে চাইছেন না। মেয়ের কাছে জন্মনিবন্ধন সার্টিফিকেট এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার সব কাগজ আছে। তাকে বিয়ে দেওয়া হয় তার মতের বিরুদ্ধে এবং তখন তার বয়স ১৮ হয়নি, যা তার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট প্রমাণ করে।সুহাগ বেপারিউত্তর: কাবিননামা না থাকলেও আপনি স্থানীয় কাজির মাধ্যমে তালাকের নোটিশ দিতে পারেন। মেয়ের বয়স ১৮ বছরের নিচে হলে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী মেয়ের অভিভাবকদের বিরুদ্ধে প্রতিকার চাওয়া যায়।পরামর্শ দিয়েছেন—রফিকুর রহমান পাটওয়ারীসাবেক জেলা ও দায়রা জজ