ফেসবুক ফের খুলে দিয়েছে সরকার
সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক আবার খুলে দিয়েছে সরকার। আজ শনিবার রাত পৌনে ১২টার দিকে ফেসবুক আবার সারা দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য খুলে দেওয়া হয়। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৯ মে ফেসবুক বন্ধ করে দেয় সরকার।আজ রাতে বিটিআরসির পক্ষ থেকে দুটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বিটিসিএল এবং ম্যাঙ্গোকে চিঠি দিয়ে ফেসবুক উন্মুক্ত করে দিতে বলা হয়। ফলে ফেসবুক ব্যবহারে আর কোনো বাধা নেই। বিটিআরসির চেয়ারম্যান এখন থেকে সবাইকে সচেতনভাবে ফেসবুক ব্যবহারের অনুরোধ করেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগের এটি একটি জনপ্রিয় সাইট। এর অপব্যবহার করবেন না। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তিনি জানান, ফেসবুকের বিতর্কিত শাখা লিংকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।গত ২৯ মে রাতে ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দেয় সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বাংলাদেশ টেলিকমিনিউকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাংগো টেলি সার্ভিসেসকে চিঠি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার নির্দেশ দেয়। এ দুটি প্রতিষ্ঠানই ইন্টারনেট গেটওয়ে। তখন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেছিলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন কিছু কার্টুন ও ছবি ফেসবুকে প্রকাশ করা হচ্ছিল। এসব কার্টুন যাতে প্রকাশ না হতে পারে, সে কারণে বিটিআরসি এর শাখা লিংকগুলো বন্ধ করার চেষ্টা করছিল। কিন্তু তা করতে না পারায় সরাসরি ফেসবুকই সাময়িক বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ফেসবুক চালু করা হয়। বর্তমানে সারা বিশ্বের এর ব্যবহারকারী ৪০ কোটির বেশি। বাংলাদেশে নয় লাখ লোক ফেসবুক ব্যবহার করে।