ফেসবুক বন্ধ করে তথ্য অধিকারে হস্তক্ষেপ করেছে সরকার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ফেসবুক বন্ধ করে সরকার তথ্য পাওয়ার অধিকারের ওপর হস্তক্ষেপ করেছে। সরকারের উচিত ছিল যারা ফেসবুকের অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সচেতন নাগরিক পরিষদ আয়োজিত ‘আমাদের দেখা ভোলা-৩ উপনির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি অবিলম্বে ফেসবুক খুলে দেওয়ারও দাবি জানান।প্রধান অতিথি মওদুদ আহমদ বলেন, ভোট লুট করা আওয়ামী লীগের স্বভাব। ভোলার উপনির্বাচনে সেনা মোতায়েন না করে আওয়ামী লীগের ক্যাডারদের দিয়ে নির্বাচন করেছে। আর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করে ভোট লুট করবে দলটি। তিনি নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে উল্লেখ করেন।আলোচনা সভায় ভোলা-৩ উপনির্বাচনে বিএনপির কর্মীদের ওপর নির্যাতনের ভিডিও চিত্র দেখানো হয়। সচেতন নাগরিক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভোলা-৩ উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমদ, সাবেক সাংসদ নাজিম উদ্দিন, হাফিজ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।