ফেসবুক ব্যবহার করে ধর্ষণ ও হত্যার জন্য এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক ব্যবহার করে এক কিশোরীকে প্রতারণা, অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে পিটার চ্যাপম্যান (৩৩) নামে এক ব্যক্তিকে গত সোমবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।ব্রিটেনে এ ঘটনা ঘটে।বিচারক পিটার ফক্স জানান, চ্যাপম্যানকে অন্তত ৩৫ বছর জেল খাটতে হবে।একজন সাজাপ্রাপ্ত যৌন অপরাধী চ্যাপম্যান ১৭ বছর বয়সী অ্যাশলে হলের কাছে নিজের পরিচয় দেন একজন ছাত্র হিসেবে। ডারহাম কাউন্টির শেজফিল্ডের কাছে এক চাষির জমিতে গত অক্টোবরে অ্যাশলের লাশ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।প্রসিকিউটর গ্রাহাম রিডস টেসাইড ক্রাউন আদালতকে জানান, চ্যাপম্যান ওই স্কুলছাত্রীর সঙ্গে বন্ধুত্ব করতে ফেসবুকে নিজের পরিচয় দেন ‘পিটার কার্টরাইট’ নামের এক কাল্পনিক ১৯ বছর বয়সী যুবক হিসেবে।ফেসবুকের মাধ্যমে চ্যাপম্যান ও অ্যাশলের বন্ধুত্ব গড়ে ওঠা এবং বিভিন্ন সামাজিক নেটওয়ার্কিং সাইটে চ্যাট করার পর চ্যাপম্যান গত ২৫ অক্টোবর সন্ধ্যায় অ্যাশলের সঙ্গে দেখা করার ব্যবস্থা করেন। যেহেতু চ্যাপম্যান জানতেন অ্যাশলে একজন কিশোরের সঙ্গে দেখা করার প্রত্যাশা করছেন, কোনো ৩৩ বছর বয়সী পুরুষের সঙ্গে নয়, তাই তিনি অ্যাশলেকে জানান যে ওই দিন সন্ধ্যায় পিটার কার্টরাইটের বাবা অ্যাশলেকে নিতে আসবেন। ওই সন্ধ্যায় তাঁদের দেখা হওয়ার পর চ্যাপম্যান অ্যাশলেকে অপহরণ, ধর্ষণ ও পরে হত্যা করেন।১৫ বছর বয়স থেকেই চ্যাপম্যানের বিরুদ্ধে যৌন অপরাধের অনেক অভিযোগ উঠেছে। ১৯৯৬ সালে দুজন যৌনকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে তাঁকে ১৯ বছর বয়সে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০০১ সালে তিনি কারাগার থেকে মুক্তি পান।