ফেসবুকে জেনেছেন, বেহাল সড়কের খবর সঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো জাতীয় বা আঞ্চলিক মহাসড়ক বেহাল দশায় নেই বলে দাবি করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের দাবি করেন, ‘অপপ্রচারে আতঙ্ক সৃষ্টি হয়। ফেসবুকে (সামাজিক যোগাযোগ মাধ্যম) অনেকেই আমাকে জানিয়েছে, গণমাধ্যমে যে খারাপ রাস্তার কথা উঠে এসেছে, তা ঠিক নয়। তাই অপপ্রচারের সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত।’মন্ত্রী বলেন, কোনো জাতীয় বা আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা নেই। কিছু কিছু জায়গায় তুলনামূলক খারাপ অবস্থা রয়েছে। তবে সেগুলো যানবাহন চলাচলযোগ্য করা হয়েছে। জেলা সড়কে করুণ দশা থাকলেও তা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।আজ বুধবার রেলভবনে আসন্ন ঈদ উপলক্ষে ‘মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাসহ স্বাভাবিক ও বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনা’ বিষয়ক সভার আগে মন্ত্রী এসব কথা বলেন। গণমাধ্যমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে বেহাল রাস্তার কথা বললে আতঙ্ক সৃষ্টি হবে, এর ফলে ট্রেনের ওপর চাপ বাড়বে। মফস্বল থেকে সড়ক বা মহাসড়ক নিয়ে কোনো প্রতিবেদন এলে তা যাচাই করে প্রকাশ করা উচিত। বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনা বিষয়ে যোগাযোগমন্ত্রী বলেন, ঈদের তিন দিন আগ থেকে সাত জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। ঈদের দুদিন পর থেকে টানা সাত দিন এসব বিশেষ ট্রেন চলবে। এ ছাড়া ১৫০টি পুরোনো কোচ সংস্কার করে সংযোজন করা হচ্ছে বলেও তিনি জানান।ঈদের সময় রেলের সময়সীমা ঠিক না-ও থাকতে পারে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, ঈদের সময় যাত্রীদের ওঠা-নামা ও অন্যান্য সমস্যায় সময়সীমা ঠিক থাকবে না। তবে যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য সব ব্যবস্থা থাকবে। টিকেট কালোবাজারি বন্ধে বিশেষ দল গঠন করা হয়েছে এবং জরুরি মেরামত দল এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।রেলের মহাপরিচালক আবু তাহের জানান, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, চট্টগ্রাম-নোয়াখালী-চট্টগ্রাম, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ঢাকা-পাবর্তীপুর-ঢাকা, ঢাকা-খুলনা-ঢাকা এবং ঈদের দিন ঢাকা-শোলাকিয়া-ঢাকা রুটে বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদের আগে আন্তনগর ট্রেনে কোনো সাপ্তাহিক ছুটি থাকবে না বলেও জানান তিনি।