ফেসবুকে ফিরছেন আত্মপ্রেমিক ‘নার্সিসাস’!
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো মানুষকে নিজ ভুবনকেন্দ্রিক হয়ে ওঠার খোড়াক জোগাচ্ছে কি না, তা নিয়ে একটা সন্দেহ-সংশয় বিশেষজ্ঞদের বেশ কিছুদিন ধরেই ছিল। আর এই সন্দেহের যথেষ্ট ভিত্তি আছে বলে সম্প্রতি জানিয়েছেন গবেষকেরা। তাঁদের দাবি, একটা মানুষ কতখানি আত্মকেন্দ্রিক, সেটা তার ফেসবুকের বন্ধুসংখ্যা এবং এর অন্যান্য ব্যবহার দেখে অনুমান করা সম্ভব। শুধু তা-ই নয়, ফেসবুক ব্যবহারকারীদের মাধ্যমে গ্রিক দেবতা নার্সিসাস আবার নতুনভাবে ফিরে আসছেন বলেও মন্তব্য করেছেন ওয়েস্টার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের এই গবেষকেরা।গ্রিক পুরাণের বহুল আলোচিত অনেক চরিত্রের মধ্যে অন্যতম নাম নার্সিসাস। তিনি বিখ্যাত ছিলেন তাঁর সৌন্দর্যের জন্য। কিন্তু ওই সৌন্দর্য তাঁর জীবনহানিরও কারণ হয়েছিল। পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজের চোখ অন্যদিকে ফেরানোর সামর্থ্যও হারিয়ে ফেলেছিলেন এবং এই অবস্থাতেই মারা যান তিনি।এই নার্সিসাস থেকেই নার্সিসিজমের ধারণা এসেছে, যা মানুষের মধ্যে এক ধরনের আত্মবাদ, আত্মগর্ব, আত্মশ্লাঘার বৈশিষ্ট্য ইঙ্গিত করে। নার্সিসিজম বিভিন্ন সময় বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। কখনো সামাজিক বা সাংস্কৃতিক সমস্যা হিসেবে, কখনো বা মানসিক অসুস্থতা হিসেবে বর্ণিত হয়েছে। সম্প্রতি ওয়েস্টার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মনে করছেন, ফেসবুকে ব্যাপকভাবে বাড়ছে নার্সিসিস্ট লক্ষণাক্রান্ত মানুষের সংখ্যা। বিশেষত তরুণ-তরুণীদের মধ্যে এবং তা শনাক্তও করা যাচ্ছে।ব্রিটেনের বিখ্যাত দৈনিক দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ সব উল্লেখ করে বলা হয়েছে, এই গবেষণায় দেখা গেছে, যারা আগেই একটি প্রশ্নোত্তরের মাধ্যমে নার্সিসাস-প্রভাবযুক্ত মানুষ বলে বিবেচিত হয়েছে, ফেসবুকে তাঁদের বন্ধুসংখ্যা বেশি। তাঁরা প্রায়ই বিভিন্ন বিষয়ে বন্ধুদের ট্যাগ করেন এবং তাঁরা নিয়মিতভাবে তাঁদের স্ট্যাটাস পরিবর্তন করেন। এই গবেষণায় আরও দেখা যায়, এ ধরনের মানুষ তাঁদের সম্পর্কে কোনো সমালোচনামূলক মন্তব্যের জবাব দেন খুব আক্রমণাত্মকভাবে। তাঁরা ঘন ঘন নিজেদের প্রোফাইল পিকচার পরিবর্তন করেন। আর গবেষকদের ধারণা, তাঁদের এসব আচরণগত বিষয়ের মধ্যে এমন কিছু খারাপ দিক আছে, যার ফলে তাঁরা নিজেদের নিয়েই সর্বদা ব্যস্ত থাকেন এবং তাঁরা এতে আত্মতৃপ্তি লাভ করেন। নিজের ভুবনকেন্দ্রিক এসব কর্মকাণ্ড তাঁদের ক্রমেই নার্সিসিস্ট ব্যক্তিত্বের দিকে নিয়ে যায়।বর্তমান এই তথ্যপ্রযুক্তির যুগে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের সাইটগুলো মানুষকে অনেকের সঙ্গে যোগাযোগের অপার সুযোগ করে দিয়েছে। সম্প্রতি বিভিন্ন সামাজিক-রাজনৈতিক তত্পরতার ক্ষেত্রেও বিশাল ভূমিকা রাখছে এই সাইটগুলো। তবে এগুলোর সার্থক ব্যবহার নিশ্চিত করার জন্য এই অন্ধকার দিকগুলো নিয়েও আরও গবেষণা হওয়া প্রয়োজন বলে মনে করছেন ওয়েস্টার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের প্রধান ক্রিস্টোফার কার্পেন্টার। তিনি বলেন, ‘যদি ফেসবুক এ রকম একটা জায়গা হয়ে থাকে, যেখানে মানুষ তাঁদের হারিয়ে যাওয়া অনেক কিছু খুঁজে পাবেন, সামাজিক সমর্থন অর্জন করতে পারবেন, তাহলে ফেসবুকের নেতিবাচক যোগাযোগগুলোর দিকেও নজর দেওয়াটা খুব জরুরি। আদর্শিকভাবে, মানুষের এখানে ফেসবুকিং করার কথা। সামাজিকতার পরিপন্থী আমি-বুকিং নয়।’