ফেসবুকের কাছে ১২ জনের তথ্য চেয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের শীর্ষস্থানীয় ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারী অন্তত ৩৮ হাজার ব্যক্তির তথ্য চেয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ওই ব্যক্তিদের ফেসবুক ব্যবহার-সংক্রান্ত তথ্য চায় মোট ৭৪টি দেশ। এর মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি অনুরোধের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী ১২ জনের তথ্য চাওয়া হয়েছে।৭৪টি দেশের অনুরোধের প্রায় ৮০ শতাংশ পূরণ করেছে ফেসবুক। তবে বাংলাদেশের কোনো ব্যবহারকারীর তথ্য দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ।‘গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্টস রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ব্যবহারকারীদের ব্যাপারে তথ্য চেয়ে সবচেয়ে বেশি অনুরোধ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দেশটি প্রায় ২০ থেকে ২১ হাজার ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়েছে। আর ভারত সরকার চার হাজার ১৪৪ জন, যুক্তরাজ্য দুই হাজার ৩৩৭ জন ও পাকিস্তান ৪৭ জনের তথ্য জানতে চেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অনুরোধ পূরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের। প্রভাবশালী এই দেশটির অনুরোধ অনুযায়ী প্রায় ৭৯ ভাগের তথ্য দেওয়া হয়েছে। এরপর রয়েছে যুক্তরাজ্য। এই দেশটির অনুরোধের ৬৮ শতাংশ পূরণ করা হয়েছে। এ ছাড়া ইতালির অনুরোধের ৫৩ শতাংশ ও ভারতের ৫০ শতাংশ পূরণ করা হয়েছে।ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের মতো বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে নিয়মিত সরবরাহ করে বলে মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন অভিযোগ করেছিলেন। ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ব্যবহারকারীদের কাছে স্বচ্ছতার বিষয়টি তুলে ধরার স্বার্থেই তারা বিভিন্ন দেশের সরকারের অনুরোধ-সংক্রান্ত ওই প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বজুড়ে বর্তমানে ১০০ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছেন।প্রতিষ্ঠানটির আইনজীবী কলিন স্ট্রেচ বলেন, তাঁদের প্রতিবেদনটি ফেসবুক ও বিভিন্ন দেশের সরকারের মধ্যে তথ্যবিনিময়-সংক্রান্ত চলমান বিতর্ক নিরসনে কার্যকর হতে পারে। ভবিষ্যৎ প্রতিবেদনে হয়তো এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হবে। কী কারণে বা কী ধরনের তাদের কাছে বিভিন্ন ব্যক্তির (ফেসবুক ব্যবহারকারী) ব্যাপারে তথ্য চাওয়া হয়েছিল—ফেসবুকের ওই প্রতিবেদনে সে ব্যাপারে কিছু বলা হয়নি। কেবল কোন দেশ কতজনের ব্যাপারে কতগুলো অনুরোধ করেছে, প্রতিবেদনে সেটি উল্লেখ রয়েছে। একটি অনুরোধের মাধ্যমে একাধিক ব্যক্তির ব্যাপারে তথ্য চাওয়ার সুযোগ রয়েছে। রয়টার্স ও বিবিসি।