ফেসবুকের পরিবর্তন চান না ব্যবহারকারীরা
আরও সহজে পরিচালনা করা যাবে—এমন প্রতিশ্রুতি নিয়েই নতুন একটা চেহারা হাজির করেছিল সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুক। কিন্তু নতুন এই চেহারা খুব বেশি পছন্দ করতে পারছে না ফেসবুক ব্যবহারকারীরা। এমনকি এই নতুন চেহারার বিপক্ষে অনলাইনে জনমত গড়ে তোলারও উদ্যোগ নিয়েছেন সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক সাইটটির ব্যবহারকারীরা।ইন্টারনেট জায়ান্ট গুগলের নতুন নেটওয়ার্কিং সাইট গুগল প্লাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই ফেসবুকের এই নতুন চেহারা দাঁড় করানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে এই পরিবর্তন কাঙ্ক্ষিত না হলেও ফেসবুক ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছেন না ব্যবহারকারীরা। এমনই একজন সম্প্রতি এক টুইটার বার্তায় লিখেছেন, ‘নতুন ফেসবুকটা যুক্তরাষ্ট্রের মতো। অনেকেই এটা ঠিক মানিয়ে নিতে পারছে না। কিন্তু কেউ ছেড়েও যাচ্ছেন না।’ সম্প্রতি আনা এই পরিবর্তনগুলো ফেসবুককে বৈচিত্র্যময় করে তুলবে বলে মনে করছেন প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ওয়েবসাইট।