ফেসবুকের পাঁচটি পেইজ, একটি ওয়েবসাইট বন্ধের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ফেসবুকের পাঁচটি পেইজ ও একটি ওয়েবসাইট বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অর্ন্তবর্তীকালীন এ আদেশ দেন।স্বরাষ্টসচিব, তথ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে (বিটিআরসি) আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করতে বলা হয়েছে।পাঁচটি ফেসবুক পেইজ ও একটি ওয়েবসাইটের কথা তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বতুল সারওয়ার ও ঢাকা সেন্টার ফর ল অ্যান্ড ইকনোমিকসের (ডিসিএলই) অধ্যক্ষ এম নুরুল ইসলাম হাইকোর্টে গত ২৬ জানুয়ারি রিট আবেদনটি করেন। আজ প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি ও অর্ন্তবর্তীকালীন আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান। তাঁকে সহায়তা করেন আইনজীবী আফজাল এইচ খান, নওশাদ জমির, ফাতেমা আনোয়ার ও রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।রিটকারী পক্ষের আইনজীবী নওশাদ জমির প্রথম আলোকে বলেন, এসব ওয়েবসাইট ও ফেসবুক পেইজে হজরত মুহাম্মদ (স.) ও ইসলাম সম্পর্কে কটূক্তি করা হয়েছে। আবেদনে ছয়টির বিষয়ে বলা হয়েছে। এসব সাইটে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তা ধর্মীয় মূল্যাবোধ ও সংবিধান পরিপন্থী। আদালত এসব পেইজ ও সাইট বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে রুলও জারি করেছেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আদালত ফেসবুকের পাঁচটি পেইজ ও একটি ওয়েবসাইট বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরুর নির্দেশ দিয়ে আদালত রুলও জারি করেছেন।রুলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বা অন্য ওয়েবসাইটে থাকা ওই সব ইউআরএল (ইউনিভার্সাল রিসোর্স লোকেটর) গ্রুপ বা পেইজ স্থায়ীভাবে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। অশালীন বিষয়বস্তু আপলোড করায় এসব সাইট বা ওয়েব পেইজের প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে কেন যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়। একই সঙ্গে একই ধরনের অশালীন ও জঘন্য আধেয় প্রদর্শনকারী সাইট বা ওয়েব পেইজ বন্ধের ধারবাহিকতা কেন নিশ্চিত করা হবে না, তা-ও জানাতে বলা হয়েছে। স্বরাষ্ট্রসচিবসহ পাঁচ বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।