ফেসবুকের মাধ্যমে নিয়োগ দেবে তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রৈমাসিক একটি সাময়িকীতে লেখা ও ভিডিও সম্পাদনার জন্য লোক খুঁজতে ফেসবুকে একটি পেইজ খুলেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির এক মুখপাত্র গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন।‘ওমর মিডিয়া টিটিপি’ নামের ওই পেইজে ইতিমধ্যেই ২৭০ জন লাইক দিয়েছেন। এ পেইজটিতে কয়েকটি ইংরেজি বার্তা আছে।পেইজটিতে ২৫ অক্টোবরের এক বার্তায় বলা হয়, ‘অনলাইনে চাকরির সুযোগ দিয়ে গর্বিত ওমর মিডিয়া।’ওই বার্তায় ভিডিও সম্পাদনা, অনুবাদ, শেয়ার, আপলোড, ডাউনলোড ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগের কথা বলা হয়েছে। এ ছাড়া ওই পেইজে একটি ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে। একইসঙ্গে নিয়োগের বার্তাটি ছড়িয়ে দিতে পেইজের পাঠকদের প্রতি অনুরোধ করা হয়েছে। এই ফেসবুক অ্যাকাউন্টটি বাতিল হতে পারে বলেও জানানো হয়। এদিকে টিটিপির মুখপাত্র এহসানউল্লাহ এহসান গতকাল টেলিফোনে একটি বার্তা সংস্থাকে পেইজ খোলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিজস্ব ওয়েবসাইট খোলার আগে সাময়িকভাবে পেইজটি ব্যবহার করছে টিটিপি।যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, টিটিপি তাদের প্রকাশিতব্য প্রকাশনা ‘আয়াহ-ই-খিলাফাত’ (খেলাফতের চিহ্ন)-এর জন্য লোক নিয়োগ করতে ফেসবুক ব্যবহার করছে। এনডিটিভির খবরে বলা হয়, টিটিপির ফেসবুক পেইজে প্রকাশিতব্য সাময়িকীটিকে তাদের ‘দাপ্তরিক ত্রৈমাসিক সাময়িকী’ বলা হয়েছে। এতে লেখকদের চলমান জিহাদি বিষয়, মুসলমানদের ইতিহাস, ইসলামি আন্দোলন ও মুসলমানদের দুঃখ-কষ্টের বর্ণনা সংবলিত লেখা পাঠাতে বলা হয়েছে।