ফেয়ার প্রাইস কার্ডে চাল বিতরণ তিন দিন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে চাল বিক্রির কার্যক্রম তিন দিন পেছানো হয়েছে। শহরে দরিদ্রদের মধ্যে স্বল্পমূল্যে চাল বিক্রির জন্য ১৬ আগস্ট থেকে সারা দেশে এই কার্ডের মাধ্যমে চাল বিক্রির কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তা পিছিয়ে ১৯ আগস্ট থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের বিতরণ বিভাগের পরিচালক বদরুল আহসান প্রথম আলোকে এ কথা জানান। ১৯ আগস্ট থেকে ঢাকা মহানগর, ছয়টি বিভাগীয় শহর ও জেলা শহরের দরিদ্র মানুষের মধ্যে ২৪ টাকা কেজি দরে এ কার্ডের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রাথমিকভাবে প্রত্যেক কার্ডধারীকে প্রতি মাসে একসঙ্গে ২০ কেজি করে চাল দেওয়ার নিয়ম করা হয়েছিল। এ নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। এখন প্রতি কার্ডধারী দুই কিস্তিতে এই চাল নিতে পারবেন।খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রমে আজ প্রথমবারের মতো রাজধানীতে ১০০টি ট্রাক নামানো হয়েছে। সারা দেশে মোট ২৬৫টি ট্রাক ও ২০ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি চলে। রমজান উপলক্ষে চাল বিক্রি কার্যক্রমের সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে না। ইফতারের সময় আধা ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় চাল বিক্রির কার্যক্রম চলবে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে। খাদ্য অধিদপ্তরের বিতরণ বিভাগের পরিচালক বদরুল আহসান প্রথম আলোকে জানান, প্রতি ট্রাকে যে তিন টন চাল দেওয়া হচ্ছে, তা শেষ হওয়ার আগ পর্যন্ত বিক্রির কার্যক্রম চলবে। প্রয়োজনে চাল ও ট্রাকের সংখ্যা বাড়ানো হবে।ঢাকা মহানগরের তিন লাখ ৬৬ হাজার ৪১১ জনসহ সারা দেশে আট লাখ ৫৬ হাজার ৬৭৮ জন দরিদ্র পরিবারের মধ্যে ফেয়ার প্রাইস কার্ড বিতরণ করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়বে বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। প্রত্যেক কার্ডধারী ২০ কেজি চাল কিনতে পারবেন। এ জন্য ঢাকা মহানগরে ২৬৯ জন, ঢাকার পার্শ্ববর্তী ১৭টি ইউনিয়নে ১৭ জনসহ সারা দেশে ৮৬১ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ কর্মসূচিতে প্রায় ২০ হাজার টন চাল বিক্রি করা হবে।