ফোঁটা ফোঁটা পানি নানা দুর্ভোগ
‘সারা দিন টিপকল দিয়া ফোঁটা ফোঁটা পানি পড়ে। প্রয়োজনমতো পানি না পাওয়ায় রান্নাবান্না, গোসল কিংবা খাওয়ার পানি সব কিছুতেই সমস্যা হয়। পানির অভাবে প্রতিদিন সংসারে একের পর এক অশান্তি তৈরি হচ্ছে। এ অবস্থার সমাধান কি একেবারেই সম্ভব নয়?’ এ কথা নগরের আম্বরখানা এলাকার গৃহিণী শায়লা খাতুনের। তাঁর মতো অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, সিটি করপোরেশন থেকে যে পানি সরবরাহ করা হয় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানি সব সময় ফোঁটা ফোঁটা করে পড়ে।অনুসন্ধানে দেখা গেছে, সিটি করপোরেশন যেসব পাইপলাইন দিয়ে পানি সংগ্রহ করে সেসব লাইনে সংযোগ লাগিয়ে একশ্রেণীর অসাধু মানুষ অবৈধভাবে পানি সংগ্রহ করছে। অবৈধ সংযোগকারীরা এভাবে পানি সংগ্রহ করায় অন্যরা পানি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু বিষয়টি সিটি করপোরেশন গুরুত্বের সঙ্গে বিবেচনায় না নেওয়ায় সবাই পানিসংকটে ভুগছে।লামাবাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী মকবুল হাসান জানান, প্রতিদিন সকাল ও বিকেলে দুইবার সিটি করপোরেশনের পানি আসে। তবে পানির গতি কম থাকায় এক বালতি পানি সংগ্রহ করতে আধাঘণ্টা লেগে যায়। ফলে নির্ধারিত সময়ে মাত্র ২০ থেকে ২৫ বালতির মতো পানি সংগ্রহ করা যায়। এ অবস্থায় প্রতিদিন পানির সংকট লেগেই থাকে।শেখঘাট এলাকার আবুল হোসেন বলেন, ‘পানির সংকট থাকায় প্রতিদিন গোসল করতে পারি না। আর গোসল করব কী, ঠিকমতো ঘরের কাজকর্মই শেষ করা সম্ভব হয় না। এ অবস্থা থেকে আমাদের মুক্তি কীভাবে হবে জানি না।’নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের পানি শাখার একজন কর্মকর্তা ফোঁটায় ফোঁটায় পানি পড়ার কারণ সম্পর্কে বলেন, পানি শাখার কয়েকজন কর্মকর্তার সঙ্গে অবৈধভাবে পানির সংযোগ-স্থাপনকারীদের গোপন আঁতাত থাকায় এ দশা হচ্ছে। এদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। এসব অবৈধ সংযোগকারীরা আগেই পাইপলাইন থেকে পানি সংগ্রহ করে নেওয়ায় বাসাবাড়িতে বৈধ গ্রাহকেরা পানি পাচ্ছেন না। এ ছাড়া এভাবে পানি সংগ্রহের কারণে পানির চাপ কমে যাওয়ায় ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে পানি অন্তত আরও কিছুটা জোরে বের হতো।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পানি শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ হোসেন জামান। তিনি বলেন, ‘অবৈধভাবে অনেকে পাইপলাইন থেকে সরাসরি পানি সংগ্রহ করছে, এ খবর আমাদের কাছে রয়েছে। তবে এর সঙ্গে সিটি করপোরেশনের কেউ জড়িত নন। প্রয়োজনে সত্যতা যাচাই করে অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’