ফোকরের বিড়ম্বনা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বারডেম হাসপাতালের পাশে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের বিভাজকে কোনো ফোকর নেই। বেতার ভবনের পাশে একটি ফোকর থাকলেও তা কাঁটাতারের বেষ্টনী দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে ওই সড়কের এক পাশ থেকে আরেক পাশে যানবাহন নিতে হলে শাহবাগ মোড়ে যেতে হয়। এ প্রসঙ্গে নাম ও পদবি প্রকাশে অনিচ্ছুক ডিসিসির একজন প্রকৌশলী জানান, রোগী নিয়ে যাঁদের মোড় ঘুরতে হয়, তাঁরাই বোঝেন বিএসএমএমইউ ও বারডেম হাসপাতালের পাশের সড়ক বিভাজকে ফোকর থাকা কতটা জরুরি ছিল।ওই প্রকৌশলী আরও জানান, সড়ক বিভাজকে ফোকর রাখার ক্ষেত্রে কোনো পরিকল্পনা থাকছে না। আবার যানবাহনের প্রয়োজনীয়তাও বিবেচনা করা হচ্ছে না। এ ক্ষেত্রে চলছে ‘জোরের রাজত্ব’। এ জন্য নগরের বড় বড় বিপণিবিতানের সামনের সড়কের বিভাজকে ফোকর তৈরি করা হয়েছে। ডিসিসির অনুমোদন না নিয়ে রাতের আঁধারে বিভাজক ভেঙে ফোকর তৈরি করার ঘটনাও ঘটেছে বলে তিনি জানান।জিয়াউর রহমান সড়কের (বিমানবন্দর সড়কে) খিলক্ষেত অংশের সড়ক বিভাজকে কোনো ফোকর নেই। ফলে সড়কের পশ্চিম পাশের বাসিন্দারা যানবাহন নিয়ে বিশ্বরোড বা মহাখালীর দিকে সরাসরি যেতে পারে না। তেমনি সড়কের পূর্ব পাশের খিলক্ষেতের বাসিন্দারা মহাখালী বা বিশ্বরোড থেকে ফেরার পথে সরাসরি এলাকায় ঢুকতে পারে না। উভয় ক্ষেত্রেই বিমানবন্দর মোড় পর্যন্ত গিয়ে যানবাহন ঘোরাতে হয়।এ বিষয়ে বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান সারওয়ার জাহান জানান, যানজট কমাতে অনেক এলাকায় সড়কের বিভাজকে কোনো ফোকর রাখা হয় না। তবে সড়কে বিভাজক বসানোর ক্ষেত্রে পরিকল্পনার অভাব থাকায় এগুলো যানজট কমানোর বদলে বাড়িয়ে তুলছে বলে তিনি মনে করেন।