হাসতে পারা একটি বিশেষ কাজ। পৃথিবীতে মানুষই একমাত্র জীব যে এই কাজটা করতে পারে। তবে কুকুরও হাসতে পারে, চাঁদও হাসতে পারে—অন্তত আমাদের গল্প-কবিতায়। সত্যজিৎ রায়ের অসমঞ্জবাবুর কুকুর গল্পটা পড়া আছে? সে গল্পে অসমঞ্জবাবুর একটা কুকুর থাকে, যে কুকুরটা হাসতে পারে! হাসিমারার বাজার থেকে কেনা হয়েছিল বলেই বোধ হয় কুকুরটা হাসত, বিশ্বাস করতে না পারলেও অসমঞ্জবাবু সে রকমই দাবি করতেন। আবার আমাদের ছোটকালে পড়া একটা ছড়াতে ছিল: হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই/ এই শোনো না কত হাসির খবর বলে যাই। খবর দিতে গিয়ে ছড়াকার লিখেছেন, ‘খোকন হাসে ফোকলা দাঁতে/ চাঁদ হাসে তার সাথে সাথে।’ শুধু চাঁদ নয়, কাজল বনের শাপলা, সবুজ ঘাস, খলশে মাছ ও পাতিহাঁস—এরাও হাসতে পারে! ভাবছেন, এদের হাসি অমূলক? কিন্তু খোকনের ফোকলা দাঁতের হাসি নিয়ে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। আছে, ঘোরতর সমস্যা! কারণ আইন বলছে, ‘ফোকলা দাঁতে হাসতে মানা!’ তবে আইনটি আমাদের দেশের নয়, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার। আইনটি হলো: ‘আঠারো বছরের বেশি বয়সী কেউ যদি ফোকলা হয়, তবে হাসার সময় সে বড়জোর একটি ফোকলা দাঁত দেখাতে পারে।’ হাসার সময় কেউ দুটি বা তার বেশি ফোকলা দাঁত দেখালে তাকে ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হবে। এই অদ্ভুত আইন সম্পর্কে ইউনিভার্সিটি অব অ্যারিজোনার আইনের অধ্যাপক মার্ক মিলার বলেছেন, ‘ফোকলা দাঁত না দেখানোর এই আইনটি কেবল হলিউডের জন্য ভালো হতে পারে।’