ফোন-অপরাধ রোধে নিবন্ধন নীতিমালা চূড়ান্ত
ফোনে চাঁদাবাজি ও হুমকি রোধে মোবাইলের সিম/রিম গ্রাহক নিবন্ধন নীতিমালা চূড়ান্ত করেছে সরকার। কিছু অপরাধপ্রবণ মানুষ অপরাধমূলক কাজের সহায়ক হিসেবে মোবাইল ও টেলিফোন ব্যবহার করছে। সম্প্রতি ফোনে চাঁদা দাবি, হুমকি দেওয়া ও ভয়ভীতি দেখানোর ঘটনা বেড়েছে। এ ধরনের অপরাধ চিহ্নিত করে তা দমনের জন্য নীতিমালা করা হচ্ছে।জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক গতকাল প্রথম আলোকে বলেন, কেউ যেন মোবাইল ফোনে চাঁদাবাজি করতে না পারে, সে জন্য নীতিমালা করার সিদ্ধান্ত হয়েছে। মোবাইল অপারেটররা ব্যবসায়িক দিকটা যতটা গুরুত্ব দিচ্ছেন, নিরাপত্তার দিকটা সেভাবে দেখছেন না। তাই এ ব্যাপারে সরকার কঠোর হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে নীতিমালার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।সিম/রিম বিতরণব্যবস্থা: নীতিমালায় সব অপারেটরের জন্য একটি দুই স্তরবিশিষ্ট (পরিবেশক ও বিক্রেতা) অভিন্ন সিম/রিম বিতরণব্যবস্থা নেওয়া হবে। বিক্রয়কারী পরিবেশক/বিক্রেতা নিয়োগের আগে যথাযথ পুলিশের মাধ্যমে প্রত্যয়ন করতে হবে। বিক্রয়কারী ও তাঁর কর্মচারী ন্যূনতম এসএসসি পাস হতে হবে। প্রত্যেক পরিবেশকের কাছে ব্যবসাসংক্রান্ত যাবতীয় কাগজপত্র, সংশ্লিষ্ট অপারেটরের দেওয়া ছবিযুক্ত পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্র থাকবে। প্রত্যেক পরিবেশক তাঁর নিয়োজিত পরিবেশককে ছবিযুক্ত পরিচয়পত্র দেবেন, অপারেটরদের অনুমোদন ছাড়া খুচরা বিক্রয়কারীরা অন্য কাউকে নিজস্ব উদ্যোগে বিক্রয়/বিতরণের দায়িত্ব দিতে পারবেন না। সিম/রিমের গ্রাহক নিবন্ধন ফরম: সেপ্টেম্বরের মধ্যে নতুন সংযোগের ক্ষেত্রে এএনএস (মোবাইল, পিএসটিএন) অপারেটররা নতুন গ্রাহক নিবন্ধন ফরম ব্যবহার শুরু করবে। সেপ্টেম্বর থেকে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ থেকে ‘অফলাইন ভেরিফিকেশন’ এবং ২০১১ সালের জানুয়ারি থেকে ‘অনলাইন ভেরিফিকেশন’ করা শুরু হবে।সেপ্টেম্বরের আগের গ্রাহকদের ক্ষেত্রে অপারেটররা এসএমএসের মাধ্যমে প্রতিটি গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করবে এবং ২০১১ সালের জানুয়ারি থেকে অনলাইন ভেরিফিকেশন করা শুরু করবে। প্রতিষ্ঠানের সিম/রিমের গ্রাহকের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার একটি ফরম পূরণ করবেন এবং সব সিম/রিম নম্বর অন্য একটি ফরমে অন্তর্ভুক্ত করতে হবে। সুপারিশ কমিটির বৈঠক: জানা গেছে, বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সব অপারেটরের উদ্দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা ব্যবসা করতে গিয়ে অপরাধ বাড়াবেন, তা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আপনাদের মোবাইল সিম কারা কিনছেন, কী কাজে এসব সিম ব্যবহার করছেন, কতজন এ সিম কিনছেন, তার তালিকা থাকা চাই।’ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোবাইল ফোন কোম্পানিগুলোকে তাদের সিম বিক্রির পরিবেশক ও খুচরা বিক্রেতাদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন। ওই সময়ের মধ্যে তালিকা জমা না দিলে লাইসেন্স বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এ ছাড়া ১৮ বছরের কম বয়সী কারও কাছে সিম বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিটিআরসির চেয়ারম্যান এ সংক্রান্ত একটি বৈঠকে বলেছেন, মোবাইল অপারেটররা সিম বিক্রির বিষয়টি গুরুত্ব না দেওয়ায় ফেরিওয়ালাও সিম বিক্রি করছে। পরিবেশক ও খুচরা বিক্রেতাদের মধ্যে সিম বিক্রিসংক্রান্ত চুক্তি থাকলেও এর পরের ধাপগুলোতে জবাবদিহির ঘাটতি আছে। সিম কেনার সময় নিবন্ধন ফরম পূরণ করা বাধ্যতামূলক হলেও অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে করা হয় না। খুচরা বিক্রেতারা ইচ্ছেমতো ফরম পূরণ করে। ফলে অপরাধীকে শনাক্ত করা যায় না। ফরম পূরণে ভুলের জন্য সাড়ে তিন হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।উল্লেখ্য, মোবাইল ও টেলিফোন ব্যবহার করে অপরাধ চিহ্নিত করা, এর বর্তমান আইনগত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সুপারিশ দেওয়ার জন্য ২০০৯ সালে বিটিআরসির চেয়ারম্যানকে আহ্বায়ক করে বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা, স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সব মোবাইল অপারেটরের প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি নিবন্ধন নীতিমালার বিষয়ে সুপারিশ করেছে।