ফোন করার অপরাধে একঘরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিছক নাবালক এক ছেলে। মুঠোফোনে ভুল নম্বরে যোগাযোগ করে পড়ে গেল বিপদে। কেবল নিজেই ফাঁসল না, ফাঁসল তার গোটা সমাজ। পরিণতিতে গ্রামের ৫০টি পরিবারের মানুষ হয়ে গেল একঘরে।ভারতের পাঞ্জাব রাজ্যের পাতিয়ালার সদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।ওই শিশুর অপরাধ? সে দলিত পরিবারের সন্তান হয়ে ভুল করে এক ভূস্বামীর ছেলের মুঠোফোনে ফোন করেছিল। ওই এলাকায় নিম্নবর্ণের দলিত পরিবারের মানুষ উচ্চবর্ণের মানুষের কাছে অস্পৃশ্য বলে বিবেচিত।ঘটনাটি ঘটে ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ আগস্ট। সেদিন সদরপুরের দলিত এক ছোট্ট বালকের ফোন ভুল করে চলে যায় ভূস্বামীর ঘরে। এ নিয়ে উচ্চবর্ণের মানুষের মধ্যে ‘জাত গেল’ বলে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়। এর জের ধরে ১৬ আগস্ট গ্রামের দলিত শ্রেণীর ৫০টি পরিবারকে করা হয় একঘরে।ফোনের ঘটনার পরের দিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গাজু মাজরা গ্রামে একটি সরকারি স্কুলে যায় দলিত পরিবারের কিছু ছেলে। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তারা উচ্চবর্ণের যুবকদের হামলার শিকার হয়।এ ঘটনায় বিচার চেয়ে সামানা জেলা পুলিশ সুপারের দেখা করেছেন—এমন একজন অমর সিং বলেন, এ ঘটনার পরের দিন উচ্চবর্ণের মানুষ স্থানীয় গুরুদুয়ারায় একটি বৈঠক ডেকে দলিত শ্রেণীকে একঘরে করার ঘোষণা দেয়। একই সঙ্গে ভূস্বামীদের জমিতে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। তাদের কাছে দুধ বিক্রি বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। আর কেউ এ আদেশ অমান্য করলে তাঁকে ৫০ হাজার রুপি অর্থদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়।বাস্তবতা হচ্ছে, বেশির ভাগ দলিত লোকজনেরই নিজের কোনো জমি নেই। তাদের জীবনধারণের জন্য ভূস্বামীদের জমির ওপর পুরোপুরি নির্ভর করতে হয়, এমনকি গবাদিপশুর খাবারের জন্যও।ধনবন্ত সিং নামের দলিত শ্রেণীর একজন বলেন, ‘আমাদের কাছে দুধ বিক্রি বন্ধ করে দেওয়ায় তিন-চার কিলোমিটার দূর চাননাও গ্রাম থেকে দুধ সংগ্রহ করতে হচ্ছে।’অমর সিং বলেন, আহত ব্যক্তিদের সামানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।এখন পর্যন্ত এই ভূস্বামীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি।