ফোন করে খবর নিলেন তথ্যমন্ত্রী
প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ ও তাঁর স্ত্রীর নারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আজ শুক্রবার এই প্রতিনিধিকে মুঠোফোনে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।গত বুধবার নারায়ণগঞ্জ শহরের তোলারাম কলেজের ফটকের কাছে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয়।গৌরাঙ্গ দেবনাথ জানান, আজ শুক্রবার দুপুর একটার দিকে মন্ত্রী হাসানুল হক ইনু তাঁকে ফোন করে বলেন, ‘এ ঘটনায় আমি দুঃখিত। তথ্য মন্ত্রণালয় আপনাদের (সাংবাদিক) মন্ত্রণালয়। গণমাধ্যম যেহেতু এই মন্ত্রণালয়ের অধীনে, তাই আমি আমার দায়িত্ববোধ ও কর্তব্য মনে করেই আপনাকে ফোন দিয়ে পুরো বিষয়টি জানতে চেয়েছি। ছিনতাই হওয়া আপনার টাকা বা মালামাল উদ্ধার করতে পারব কি না, জানি না, কারণ এটি উদ্ধারের দায়িত্ব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু আমি মনে করি, গণমাধ্যমকর্মীরা আপদে-বিপদে পড়লে, তার পাশে এসে দাঁড়ানোই আমার দায়িত্ব ও কর্তব্য।’