ফোনিক্সের পুলিশপ্রধান অ্যারিজোনার অভিবাসন আইনের সমালোচনা করলেন
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর ফোনিক্সের পুলিশপ্রধান গতকাল শুক্রবার বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ওই রাজ্যের বিতর্কিত নয়া দমননীতি সম্ভবত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য সমস্যা যতটা না লাঘব করবে তার চেয়ে অনেক বেশি সমস্যা সৃষ্টি করবে।ফোনিক্সের পুলিশপ্রধান জ্যাক হ্যারিস এমন একসময়ে এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের সিনেটের ডেমোক্র্যাট সদস্যরাও প্রতিজ্ঞা করেছেন যে তাঁরা এ বছর দেশটির অভিবাসন আইনগুলো ত্রুটিমুক্ত করে নতুনভাবে প্রণয়নের চেষ্টা চালিয়ে যাবেন। তাঁরা বলেন, রিপাবলিকানদের সমর্থন না থাকলেও, এ বিষয়টিকে কেন্দ্র করে অ্যারিজোনায় যে হইচই শুরু হয়েছে তা তাঁদের উদ্যোগের সহায়ক হবে।গত সপ্তাহে অ্যারিজোনায় প্রণীত নতুন অভিবাসন আইনটির অধীনে রাজ্য ও স্থানীয় পুলিশ সদস্যদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী বলে কাউকে সন্দেহ হলে তার অভিবাসন-সম্পর্কিত কাগজপত্র পরীক্ষা দেখতে হবে। আইনটির প্রতি প্রচণ্ড বিক্ষুব্ধ লাতিন আমেরিকান, নাগরিক অধিকার কর্মী ও শ্রমিক সংগঠনগুলো। বিভিন্ন জনমত জরিপে এ নতুন আইনের প্রতি অ্যারিজোনা ও দেশব্যাপী মোটা দাগের জনসমর্থন দেখা যাওয়া প্রসঙ্গে হ্যারিস একটি সংবাদ সম্মেলনে বলেন, অবৈধ অভিবাসনের ব্যাপারে আমেরিকানদের হতাশার বিষয়টি তিনি বোঝেন। কিন্তু তিনি এই বলে আইনটির সমালোচনা করেন যে এটি যুক্তরাষ্ট্রে আনুমানিক যে ১০.৮ মিলিয়ন লোক অবৈধভাবে বসবাস করছে তাদের সৃষ্ট সমস্যাগুলোর সমাধান করতে পারবে বলে মনে হয় না।হ্যারিস বলেন, ‘আমি বিশ্বাস করি না যে অধিকাংশ আমেরিকান ও অ্যারিজোনান যা চান, অর্থাত্ অভিবাসন সমস্যার সমাধান, এই আইনটি তা করতে পারবে।’ তিনি আরও বলেন, ‘এই আইন বরং... স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নতুন সমস্যা তৈরি করবে।’