ফোনে আড়িপাতা নিয়ন্ত্রণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র ও জননিরাপত্তার স্বার্থে মুঠোফোনে আড়ি পাতার বিষয়টি এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই নিয়ন্ত্রণ করবে। এত দিন তা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নিয়ন্ত্রণে ছিল। সরকারি সূত্র জানায়, গোয়েন্দা সংস্থাগুলো কখন কার মুঠোফোনে আড়ি পাতছে, তা আগে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে পারছে না। এ কারণে এখন থেকে ছয়টি মোবাইল কোম্পানির ফোন এবং ভবিষ্যতে অন্যান্য ফোনে আড়ি পাতার পুরো নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে থাকবে।জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, টেলিযোগাযোগ আইন অনুযায়ী ফোনে আড়িপাতা ও নজরদারির ব্যবস্থা এখন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকবে। এত দিন গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করত।নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এসব সরঞ্জাম কোনো দিনই গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে ছিল না। এটি সব সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরই ছিল। কয়েক বছর আগে এসব সরঞ্জাম বসানোর সময় সুবিধামতো অন্য কোনো স্থান না পাওয়ায় এগুলো ডিজিএফআইয়ের কার্যালয়ে বসানোর সিদ্ধান্ত হয়। প্রথমে এটি র‌্যাবের কার্যালয়ে বসানোর চিন্তাভাবনা করা হয়েছিল।টেলিযোগাযোগ আইনের ৯৭(ক) ধারায় বলা হয়েছে, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে টেলিযোগাযোগসেবা ব্যবহারকারীর পাঠানো বার্তা ও কথোপকথন প্রতিহত, ধারণ বা এ সম্পর্কিত তথ্যাদি সংগ্রহে সরকার সময় সময় নির্ধারিত সময়ের জন্য গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা সংস্থা, তদন্তকারী সংস্থা বা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত সংস্থাকে কোনো ক্ষমতা দিতে পারবে।’ এ আইন অনুসারে বর্তমানে ছয়টি মোবাইল কোম্পানির ফোনে আড়ি পাতা হয়। এ ব্যবস্থায় ইতিমধ্যেই অনেক চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী ও ছিনতাইকারীকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আড়ি পাতার জন্য গোয়েন্দা সদর দপ্তরে একটি জাতীয় তদারকি কেন্দ্র স্থাপন (এনএমসি) রয়েছে। এ ব্যবস্থায় বর্তমানে একসঙ্গে পাঁচ হাজার মুঠোফোনে আড়ি পাতা যায়।সূত্র জানায়, সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থা মন্ত্রী ও সরকারদলীয় কয়েকজন নেতার মুঠোফোনে আড়ি পাতে এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন ঊর্ধ্বতনদের কাছে পাঠায়। এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে হইচই পড়ে যায়। পরে খোঁজ নিয়ে সরকার জানতে পারে, আড়িপাতার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানত না। কীভাবে আড়ি পাতা হয়েছে, খোঁজ নিয়ে জানা যায়, গোয়েন্দা সংস্থা নিজের মতো করেই আড়িপাতার কাজ করেছে। এ কারণে এনএমসির নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এনএমসির নজরদারি ব্যবস্থা কার নিয়ন্ত্রণে থাকবে এবং কীভাবে এ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে একাধিক বৈঠক হয়। গত ৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর সই করা এক কার্যপত্রে বলা হয়, আড়িপাতার জন্য স্থাপিত নজরদারির কাজ গোয়েন্দাদের নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। গোয়েন্দা সদর দপ্তরে এটি সাময়িকভাবে স্থাপিত হয়েছে। পুলিশ, এসবি, এনএসআই আলাদা কক্ষে মুঠোফোনে আড়ি পাতে। এখন এনএমসি গোয়েন্দা সদর দপ্তর থেকে অন্যত্র সরাতে জায়গা খোঁজা হচ্ছে।ডিজিএফআইয়ের কার্যালয়ে স্থায়ীভাবে স্থাপিত এনএমসিতে কর্মরত কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়, সেন্টারটি ডিজিএফআই ভবনে স্থাপিত হলেও এটি ডিজিএফআইয়ের নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এটি আনুষ্ঠানিকভাবে স্থাপিত না হওয়া পর্যন্ত সাময়িক ব্যবস্থা হিসেবে ডিজিএফআই পরিচালনা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে এটি যেকোনো স্থানে স্থানান্তর বা কার্যক্রম পরিচালনায় যেকোনো ধরনের পরিবর্তন আনতে পারে। সচিব কমিটির সুপারিশের আলোকে এনএমসি গঠনসংক্রান্ত প্রস্তাব প্রয়োজনীয় সংশোধনীসহ শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সভায় জানানো হয়। সচিব কমিটির সুপারিশ অনুযায়ী ডিজিএফআই, র‌্যাব, এসবি ও এনএসআই থেকে এখানে প্রেষণে আসতে পারবেন। বাকি পদে সরাসরি নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সভায় জানানো হয়, এতে নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয়ভাবে। কিন্তু কাজ করা যাবে বিভিন্ন স্থান থেকে। তবে বর্তমানে বিভিন্ন সংস্থার জন্য ডিজিএফআই সদর দপ্তরে প্রয়োজনীয়সংখ্যক কক্ষের বরাদ্দ রাখা আছে।পুলিশ জানায়, বর্তমান ব্যবস্থার পাশাপাশি পুলিশ আরেকটি যন্ত্রপাতি স্থাপনের চিন্তাভাবনা করছে। এ জন্য পুলিশের বাজেটে বরাদ্দ আছে। কমিটির কার্যপত্রে বলা হয়, কারিগরিভাবে দুটি ব্যবস্থা চালানো সম্ভব। এ ছাড়া পুলিশের কার্যক্রম প্রতিনিয়ত বাড়ছে এবং সেবার চাহিদাও বেড়েছে। এ জন্য বাজেট আছে এবং এটি তারা পরিচালনায় সক্ষম।এতে ডিজিএফআইয়ের পক্ষ থেকে জানানো হয়, এখানে পুলিশ, এসবি ও এনএসআইয়ের ব্যবহারের জন্য পৃথক কক্ষের ব্যবস্থা রয়েছে। ডিজিএফআই সদর দপ্তরে এটি সাময়িকভাবে স্থাপিত হয়েছে।সূত্র জানায়, বর্তমানে প্রয়োজন বেড়ে যাওয়ায় ফোনে আড়িপাতার সরঞ্জাম আনার চিন্তাভাবনা করছে সরকার। বর্তমানে প্রায় পাঁচ হাজার মুঠোফোনে আড়ি পাতা যায়। এটি ১৯ হাজারে উন্নীত করতে নতুন যন্ত্রপাতি আনা হচ্ছে। এনএমসি থেকে পাওয়া তথ্য অনুসারে এ পর্যন্ত ১৩ লাখ মুঠোফোনের সিম বন্ধ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন অভিযোগে পাঁচ হাজার সিম ব্যবহারীকে গ্রেপ্তার করা হয়েছে।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার প্রথম আলোকে জানান, চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসী ধরতে রাষ্ট্রীয় নিরাপত্তায় আড়িপাতার বিষয়টি যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়েছে। বিশেষ করে পুলিশ বাহিনীতে এর ব্যবহার বাড়ানোর ফলে সহজেই অপরাধীদের অবস্থান চিহ্নিত করা যাচ্ছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, রাষ্ট্রীয় কারণেই এটি গোয়েন্দা সংস্থার হাতে ছিল, এখন রাষ্ট্রীয় কারণেই মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে।