ফোরকান হত্যা মামলায় লিমনের পরিবারকে নির্দোষ বলল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোরকান হত্যা মামলায় র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের মা, বাবা, ভাইসহ ১০ জনের জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি পুলিশ। ওই ১০ জন এ মামলার আসামি ছিল। এই নালিশি মামলাটি করেছিলেন র‌্যাবের সোর্সখ্যাত সন্ত্রাসী ইব্রাহিম হাওলাদার।আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম লিমনসহ ১০ জনকে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। একই সঙ্গে এ বছরের ঈদুল ফিতরের দিন লিমনের পরিবারের ওপর হামলার পর ফোরকানের অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনায় করা অপমৃত্যু মামলাটিরও চূড়ান্ত প্রতিবেদনে তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।চূড়ান্ত প্রতিবেদনের পর্যবেক্ষণে জানা যায়, ঈদের দিন বিকেলে লিমন তার মা ও ভাইকে সঙ্গে নিয়ে রাজাপুর উপজেলার সাতুরিয়ার গ্রামের বাড়ি থেকে পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের ভাড়া করা বাসায় যাচ্ছিল। পথে এলাকায় ইব্রাহিম তাদের ওপর হামলা চালায়। এতে লিমন, লিমনের মা হেনোয়ারা বেগম ও ভাই মো. সুমন আহত হয়। এদিকে ইব্রাহিমের সঙ্গে লিমনদের মারামারি হচ্ছে—এ খবর শুনে ইব্রাহিমের শ্যালক মো. ফোরকান ঘটনাস্থলে আসার সময় অসুস্থ হয়ে মারা যান। এ ঘটনায় ওই দিন রাতেই ফোরকানের বোন ও ইব্রাহিমের স্ত্রী লিলি বেগম ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য রাজাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। ঘটনার তিন দিন পর গত ২৩ আগস্ট ইব্রাহিম বাদী হয়ে শ্যালক ফোরকানকে পিটিয়ে হত্যার অভিযোগে লিমনের মা হেনোয়ারা বেগম, বাবা তোফাজ্জেল হোসেন, ভাই হেমায়েত হোসেন, মামা সিদ্দিক হোসেন, চাচা মো. রিপন আকন ও নিকটাত্মীয়সহ ১০ জনকে আসামি করে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নালিশি হত্যা মামলা দায়ের করেন। আদালত নালিশি অভিযোগটি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। একই ঘটনায় রাজাপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের হওয়ায় আদালতের নির্দেশ পাওয়ার পর ওসি এজাহার গ্রহণের আদেশ সংশোধনের জন্য আদালতে আবেদন করেন। গত ২৭ আগস্ট আদালত নালিশি অভিযোগটি অপমৃত্যু মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্তের নির্দেশ দেন ওসিকে। রাজাপুর থানার ওসির নির্দেশে দুটি অভিযোগেরই তদন্ত করেন এসআই আরিফুল ইসলাম। ঘটনার ৭৯ দিন পর তিনি আজ আদালত ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আরিফুল ইসলাম বলেন, ‘ফোরকানের মৃত্যুর ঘটনায় দায়ের করা দুটি মামলারই সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছি। তদন্তকালে চিকিত্সকের প্রতিবেদনে ফোরকানের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাই এ মামলার সব আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে।’ পুলিশ সুপার মো. মজিদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘লিমনের বিষয়টি সারা দেশের একটি আলোচিত বিষয়। লিমনের পরিবারের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার তদন্ত চলাকালে সার্বক্ষণিক নজরদারি করেছি। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তা আদালতে দাখিলের অনুমোদন দিয়েছি।’ লিমনের মা বলেন, ‘খবরড্যা হুইন্যা খুশি হইলাম। যেহানে আমাগো ওপর ঈদের দিন হামলা অইছিল, সেইখানে ফোরকানের চেহারাও দেহি নাই। হে (ফোরকান) হার্ডফেল কইর্যা দূরে মারা যায়। হেই মামলায় আমাগো ১০ জনেরে আসামি দিয়া হয়রানির চেষ্টা করা হইছে।’ লিমন বলে, ‘ফোরকান হত্যা মামলা যেভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে, সেভাবে আমার বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা দুটি মামলাও মিথ্যা প্রমাণিত হবে।’