ফোর্বসে এশিয়ার সফল ৫০ নারী ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার ব্যবসা ক্ষেত্রে এখন নারীদের জয়জয়কার। চীন, তাইওয়ান, হংকং ও ম্যাকাওয়ের নারীরাই এখন ব্যবসায় বেশি সফল। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন এশিয়ার ৫০ জন সফল নারী ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকায় সফল ৫০ জনের মধ্যে ২১ জনই চীন, হংকং, ম্যাকাও ও তাইওয়ানের। এ ছাড়া সেই তালিকায় স্থান করে নিয়েছেন ভারতের আটজন ও সিঙ্গাপুরের পাঁচজন নারী ব্যবসায়ী। ভারতের জনপ্রিয় সোপ অপেরা নির্মাতা একতা কাপুর এ তালিকার সবচেয়ে কনিষ্ঠ নারী ব্যবসায়ী। তিনি বালাজি টেলিফিল্মের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক। তালিকায় স্থান পাওয়া অন্য নারীরা হলেন দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভিয়েতনামের। ফোর্বসের তালিকায় একদিকে যেমন পার্থ মাইনিং মোগল ও অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী নারী জিনা রাইনহার্টের নাম আছে তেমনি আবার আছে ভিয়েতনামের সবচেয়ে বড় দুধ কোম্পানির প্রধানেরও নামও। বিবিসিতে প্রকাশিত খবরে ফোর্বস ওমেনের সভাপতি ও প্রকাশক ময়রা ফোর্বস জানান, এশিয়ার নারীরা প্রতিনিয়ত কর্মক্ষেত্রে নানামুখী বৈষম্যের শিকার হন। কিন্তু তা সত্ত্বেও তারা ব্যবসা ক্ষেত্রে অসামান্য অবদান রাখছেন। আর সফল নারী ব্যবসায়ীদের এ তালিকার মাধ্যমে ফোর্বস সেই চিত্রই তুলে ধরতে চেয়েছে। তালিকায় টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজি চেয়ারম্যান সান ইয়াফাং ও গেমিং কোম্পানির প্রধান পরিচালনা কর্মকর্তা লিন্ডা চেনকে বিশেষ সম্মাননা জানানো হয়।