সামাজিক উদ্যোক্তা হিসেবে এবার বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের আজীবন সম্মাননা পেলেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গত বুধবার জাতিসংঘ ভবনে এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা জানানো হয়। আর অধ্যাপক ইউনূস একা নন, তাঁর সঙ্গে ধনকুবের ওয়ারেন বাফেটও আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হন।গত শুক্রবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে আলোকিত দুই ব্যক্তিত্ব ইউনূস ও বাফেটকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন উপস্থিত থেকে সম্মানিত অতিথিদের স্বাগত জানান। তিনি এই অতিথিদের দারিদ্র্য নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও পরিবেশের মতো বৈশ্বিক বিষয়গুলোতে ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে বিশ্বের সর্বোচ্চ বিত্তশালী ব্যক্তিদের সামাজিক ব্যবসায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তিনি বলেন, এই ফিলানথ্রোপি সম্মেলনে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের দানের অর্থের ১০ শতাংশ প্রতিবছর যেন তাঁরা সামাজিক ব্যবসায় বিনিয়োগ করেন।ওয়ারেন বাফেট ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস এবং বিল অ্যাকমেন, বোনো, পল টিউডর জোন্স, পিটার জি পিটারসন, সোয়ার্স ম্যান, জেফ স্কল প্রমুখ।সন্ধ্যায় ইউনূস ও বাফেটের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনূসকে ‘আজীবন সম্মাননা পুরস্কার’ প্রদানের আগে মুহাম্মদ ইউনূস ও তাঁর কাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ফোর্বস ম্যাগাজিনের চেয়ারম্যান স্টিভ ফোর্বস। তিনি বলেন, ইউনূস দারিদ্র্য নিরসনে একজন অসাধারণ অনুঘটক। তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি মানুষের প্রকৃতির শুভ দিকটির সংজ্ঞায়নে অনেক অবদান রেখেছেন।ওয়ারেন বাফেটকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদানের আগে তাঁকে পরিচয় করিয়ে দেন রক সংগীতের গুরু বোনো।ইউনূস সম্পর্কে স্টিভ ফোর্বসের ঘোষণাকে টেনে এনে ওয়ারেন বাফেট তাঁর বক্তব্যে রসিকতা করে বলেন, ‘আগামীকাল বার্কশিয়ার হ্যাথঅ্যাওয়ের শেয়ার আকাশচুম্বী হবে। কেননা, মুহাম্মদ ইউনূসকে সিইও হিসেবে আমার উত্তরসূরি ঘোষণা করেছেন স্টিভ ফোর্বস। এমনকি বিল গেটস, যিনি আমার পরিচালনা পর্ষদের একজন সদস্য, তিনি এই তথ্য এখনো জানেন না।’ এ সময় সম্মেলনে অংশ নেওয়া বিত্তশালী ব্যক্তিরা সমবেতভাবে দাঁড়িয়ে বিপুল করতালি দিয়ে অধ্যাপক ইউনূস এবং ওয়ারেন বাফেটকে অভিনন্দন জানান।