ফোর্স রিজার্ভের ব্যাখ্যা দিলেন জামায়াত নেতা তাহের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গত বুধবার তাঁর দেওয়া বিতর্কিত বক্তব্যের নতুন ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ওই দিন তিনি ‘শক্তি সঞ্চয়’ বলতে দলের উত্তরোত্তর জনসমর্থন এবং ‘ফোর্স রিজার্ভ’ বলতে রাজপথের বাইরের জনশক্তিকে বুঝিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নতুন এ ব্যাখ্যা হাজির করেন।গত বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘সরকার সব কিছুতেই বাড়াবাড়ি করছে। কিন্তু ভুলে গেলে চলবে না, জামায়াতের দেড় থেকে দুই কোটি সমর্থক রয়েছে। ফোর্স রিজার্ভ আছে, যথাযথ সময়ে যথাযথ ব্যক্তি ও সরকারের ওপর প্রয়োগ করা হবে।’আজকের সংবাদ সম্মেলনে এ জামায়াত নেতা দাবি করেন, তাঁর বক্তব্যের কিছু অংশের বিভ্রান্তিমূলক ব্যাখ্যা দিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার বক্তব্যটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক। প্রধানমন্ত্রী বা অন্য কারও জীবননাশের হুমকি প্রদানের প্রশ্নই আসে না। রাষ্ট্রের প্রতি হুমকিরও আশঙ্কার কারণ নেই।’ আইন প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে ভুল ব্যাখ্যা করে বক্তব্য দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। আবদুল্লাহ তাহের বলেন, ‘আমি বলেছিলাম, আমাদের ওপর রাজনৈতিক নিপীড়নের কারণে জনসমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এটাকে সংগঠিত করাকেই শক্তি সঞ্চয় হিসেবে বোঝানো হয়েছে।’ ফোর্স রিজার্ভ সম্পর্কে তিনি বলেন, ‘... শীর্ষ নেতাদের গ্রেপ্তারের পর সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিচ্ছে না। রাজপথে নামলেই গ্রেপ্তার করছে। তাই আমরা রাজনৈতিক কর্মসূচিতে আমাদের সকল রাজনৈতিক সমর্থকদের সম্পৃক্ত করতে পারিনি। ফোর্স রিজার্ভ বলতে সেটাকেই বুঝিয়েছি।’