ফোর্সড সেল চলছে: প্রতিবাদে বিক্ষোভ
বিনিয়োগকারীদের শেয়ার ফোর্সড সেল না করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পরও হ্যাক সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে ফোর্সড সেলের অভিযোগ এনেছেন সাধারণ বিনিয়োগকারীরা। আর এই অভিযোগে আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ভবনের সামনে বিক্ষোভ করেছেন তাঁরা। হ্যাক সিকিউরিটিজের সাধারণ বিনিয়োগকারীদের ব্যানারে এই বিক্ষোভ করা হয়।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ হ্যাক সিকিউরিটিজের কয়েকজন গ্রাহক বিনিয়োগকারী।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতীয় সংসদে ফোর্সড সেল না করার নির্দেশ দিয়েছেন। কিন্তু হ্যাক সিকিউরিটিজ প্রধানমন্ত্রীর এই নির্দেশ অমান্য করে ফোর্সড সেল চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।হ্যাক সিকিউরিটিজের এই কাজকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন বক্তরা। একই সঙ্গে ওই ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে আহ্বান জানান বক্তারা।ডিএসই সূত্রে জানা যায়, হ্যাক সিকিউরিটিজের বিরুদ্ধে ফোর্সড সেল করার ব্যাপারে বেশ কিছু অভিযোগ এসইসির মাধ্যমে ডিএসইর কাছে এসেছে। ডিএসইর পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম ভঙ্গ করে ফোর্সড সেল করে থাকলে হাউসটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানায় ডিএসই সূত্র।