ফৌজদারি অভিযোগ থেকে রেহাই পাচ্ছে দেড় হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় খুন, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হওয়া বেশির ভাগ আসামিই অভিযোগ থেকে অব্যাহতি পাচ্ছেন। এই ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হয় দুই হাজার ৩০২ জনকে। সিআইডি অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি শুরু করেছে প্রায় ৮৫০ জনের বিরুদ্ধে।জানা যায়, পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় বাকি প্রায় দেড় হাজার আসামিকে অব্যাহতি দেওয়া হচ্ছে। বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু ও হাজারীবাগের আওয়ামী লীগের নেতা তোরাব আলীকেও আসামি করা হচ্ছে।জানতে চাইলে সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেন, অভিযোগপত্র দেওয়ার সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। এ মাসের মাঝামাঝি সময় তাঁরা অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার চিন্তাভাবনা করছেন। বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক প্রথম আলোকে বলেন, সিআইডি যেসব আসামিকে অব্যাহতি দিচ্ছে, তাঁরা বিডিআরের নিজস্ব আইনে বিচারের মুখোমুখি হচ্ছেন। ফলে তাঁরা মুক্তি পাচ্ছেন না। এই আইনে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। ফৌজদারি আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।সিআইডির কর্মকর্তারা জানান, অভিযোগপত্র দেওয়ার জন্য তাঁরা দিনরাত কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে মামলার সাক্ষ্য-স্মারক (এমই) তৈরি করা হয়েছে। আইনজীবীদের সঙ্গেও মামলার তথ্য-প্রমাণ নিয়ে সিআইডির কর্মকর্তারা কথা বলছেন। কর্মকর্তারা জানান, সরকারি কৌঁসুলি বর্তমানে বিদেশে আছেন, তিনি এলেই সাক্ষ্য-স্মারক তাঁর কাছে পাঠানো হবে।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে এই বাহিনীর সদস্যদের বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় লালবাগ থানায় করা একটি মামলা পরে নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ মামলাটি তদন্ত করছেন। তাঁকে সহায়তা করছে সিআইডির ২০০ জনের একটি দল।এর আগে পিলখানা বিদ্রোহের ঘটনা তদন্তে সিআইডির পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে একটি তদন্ত আদালত গঠন করে সেনাবাহিনী।গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ: সিআইডির কর্মকর্তারা জানান, বিদ্রোহ মামলায় এ পর্যন্ত দুই হাজার ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুই হাজার ২৫০ জন বিডিআর জওয়ান। মন্ত্রী, সাংসদ, র‌্যাব, বিডিআর কর্মকর্তা, পুলিশ, সেনাসদস্যসহ জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাত হাজার ৯৭৪ জনকে। তাঁদের মধ্যে সাধারণ নাগরিক ৪৩১ জন, বিডিআরে কর্মরত সাধারণ সদস্য ৩১১ জন। এ পর্যন্ত দুই হাজার ২০০ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৯৫৬ জন। এ মামলার আলামত সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৭০০টি। বিডিআরের নিহত মহাপরিচালকসহ বিভিন্ন কর্মকর্তার মোবাইল ফোন, পরিবারগুলোর স্বর্ণালংকারসহ লুণ্ঠিত অনেক মালামাল উদ্ধার করা হয়েছে।আসামি: তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পিলখানায় বিদ্রোহের সময় প্রায় চার হাজার অস্ত্র থেকে গুলিবর্ষণ করা হয়। তদন্তের প্রাথমিক পর্যায়ে সিদ্ধান্ত হয়েছিল, যাঁরা অস্ত্র ধরেছেন তাঁদের সবাইকে সিআইডির মামলার আসামি করা হবে। একটি অস্ত্রের জন্য একজন করে জওয়ানকে অভিযুক্ত করা হবে। কিন্তু তদন্তের প্রায় শেষ পর্যায়ে এসে কর্মকর্তারা জানান, এত জওয়ানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার মতো পর্যাপ্ত সাক্ষ্য বা তথ্য জোগাড় করা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ সাক্ষ্য বলতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিই তাদের ভরসা।যাঁরা নেতৃত্ব দিয়েছেন: সিআইডির কর্মকর্তা প্রথম আলোকে জানান, নিজেদের দাবি আদায়ের জন্য বিডিআর সদস্যদের পরিকল্পনাতেই এ বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহের কোনো একক নেতা খুঁজে পাননি তাঁরা। তবে জওয়ানদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁরা বিদ্রোহের বিভিন্ন পর্যায়ের নেতাদের শনাক্ত করেছেন। তাঁদের মধ্যে উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদ, হাবিব, জলিল, নাসির ও রহিম, সুবেদার মেজর গোফরান, নায়েক সুবেদার মনোরঞ্জন, হাবিলদার মনিরুজ্জামান, জওয়ান সেলিম রেজা, তারেক, আইয়ুব, কাজল, সাহাবুদ্দিন, মুহিত, মাইনুদ্দিন, রেজাউল, রুবেল, হাবিব ও সাহাদত, ল্যান্স নায়েক সাইদুর, লুৎফর রহমান, জাকারিয়া, ওবায়েদ উল্লেখযোগ্য। পলাতক ২৩ জনসহ ৫০ জনকে পরিকল্পনাকারী হিসেবে মামলার আসামি করা হচ্ছে বলে জানা গেছে। সিআইডির কর্মকর্তারা জানান, জওয়ানদের মধ্যে বিদ্রোহের ব্যাপারে প্রথম পরিকল্পনা বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের দু-একজন ছাড়া কেউই সব বৈঠকে ছিলেন না। আবার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন না এমন জওয়ানেরা বিদ্রোহের সময় সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালান। কর্মকর্তাদের বেছে বেছে হত্যা, লাশ গুম ও নারীদের লাঞ্ছিত করেছেন তাঁরা। তাঁদের মধ্যে ১৯৯১ সালে বিদ্রোহে জড়িত ছিলেন এমন সদস্যও আছে।পরিকল্পনা: সূত্র জানায়, সিআইডির অভিযোগপত্রে বিডিআর বিদ্রোহের আগে ১৬ ফেব্রুয়ারির বৈঠককেই বিদ্রোহের প্রথম পরিকল্পনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। এতে বলা হয়েছে, জওয়ানেরা বিদ্রোহের আগে মোট চারবার বৈঠক করেন। তিনটি বৈঠক হয় বিডিআর সদর দপ্তরের বাইরে। ওই বৈঠকে বাড়ির মালিক হিসেবে বিডিআরের এক সদস্যের দুই আত্মীয় ছাড়া বাইরের আর কোনো লোক ছিলেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় ২৪ ফেব্রুয়ারি রাতে। এ বৈঠকে ৪৪ রাইফেল ব্যাটালিয়নের ছয়জন, ১৩ রাইফেলের সাতজন, ৩৪ রাইফেলের একজন ও রেজিমেন্টাল পুলিশের এক সদস্য উপস্থিত ছিলেন। এ বৈঠক থেকেই বিদ্রোহের মূল পরিকল্পনা হয়। বৈঠকে অংশ নেওয়ায় আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলীকে অভিযুক্ত করা হচ্ছে। উদ্দেশ্য: অভিযোগপত্রে বিদ্রোহ ও হত্যাযজ্ঞের সঙ্গে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতার কথা উল্লেখ থাকছে না। এতে বলা হচ্ছে, এ ঘটনায় বাইরের কোনো ইন্ধনদাতা ছিল এমন তথ্য মেলেনি। জওয়ানদের জমে থাকা ক্ষোভ ও দাবি-দাওয়া থেকেই এ বিদ্রোহের সূত্রপাত বলে উল্লেখ করা হচ্ছে।বিদ্রোহের আগে-পরে জওয়ানেরা কিছু রাজনৈতিক নেতার সঙ্গে যোগাযোগ করলেও বিদ্রোহের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডও বিদ্রোহ পরিকল্পনায় ছিল না। জওয়ানদের সমর্থনে ২৫ ফেব্রুয়ারি পিলখানার বাইরে হাজারীবাগ এলাকায় যে মিছিল হয়েছিল, সেটাও তাৎক্ষণিক সিদ্ধান্তে হয়েছিল। তবে বিডিআর জওয়ানদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে বিএনপির নেতা নাসির উদ্দীন পিন্টুকে অভিযুক্ত করা হতে পারে।