ফৌজদারি আইন সংশোধনে কয়েদি কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে সরকার ফৌজদারি কার্যবিধি যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে। এই আইনটি সংশোধন হলে কারাগারগুলোতে কয়েদির সংখ্যা অনেকাংশে কমে যাবে। খবর বাসসের। আজ শনিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১১৭তম জ্যেষ্ঠ সহকারী জজ, বিচার বিভাগীয় হাকিম, মহানগর হাকিম ও সম পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের আগামী অধিবেশনে ফৌজদারি কার্যবিধি (সংশোধন) আইন উত্থাপিত হবে। এই আইন পাস হলে বিচারাধীন মামলার সংখ্যা কমে যাবে। মামলার জটে পড়ে দীর্ঘদিন কারাবাস করছেন, এমন লোকের সংখ্যা কমে যাবে।’ শফিক আহমেদ বলেন, দেওয়ানি মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে এর মধ্যে দেওয়ানি কার্যবিধি পরিবর্তন করে আইন যুগোপযোগী করা হয়েছে। এতে সমন জারিসহ মামলার প্রতিটি স্তরে সময় নির্ধারণ করে দেওয়ায় দেওয়ানি মামলাগুলো এখন দ্রুত নিষ্পত্তি সম্ভব।আইনমন্ত্রী বলেন, ‘জনগণ নিরুপায় হয়ে সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সরকারের বিপক্ষে যদি কোনো আদেশ দিতে হয়, তাহলেও আপনারা কুণ্ঠিত হবেন না।’ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক জাকির হোসেন। এই প্রশিক্ষণ কোর্সে ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।