আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, শত বছরের পুরোনো ফৌজদারি আইনসহ অন্যান্য আইন সংশোধন প্রক্রিয়া চলছে। আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের বেনজীর আহমেদের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য দেন।বিএনপির হারুন-অর রশীদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৯৮ জন। তাঁদের মধ্যে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে আটজন এবং হাইকোর্ট বিভাগে ৯০ জন বিচারক কর্মরত।জাতীয় পার্টির আবুল কাসেমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেওয়ানি ও দায়রা আদালতগুলোর জন্য গত ২০০৯-২০১০ অর্থবছরে ১৪৮ কোটি ২৫ লাখ ৯৫ হাজার টাকা ব্যয় হয়। একই অর্থবছরে দেওয়ানি ও দায়রা আদালতগুলো থেকে রাজস্ব আয়ের পরিমাণ ২৫ কোটি ২৬ লাখ ৪৬ হাজার টাকা।হাফিজ উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, সরকার দেশের প্রধান ও গুরুত্বপূর্ণ নদ-নদী খননের মাধ্যমে নাব্যতা বাড়ানোর লক্ষ্যে ক্যাপিটাল ড্রেজিং নামে বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। মন্ত্রী আরও বলেন, ভারত থেকে দুটি ড্রেজার সংগ্রহের কাজ প্রক্রিয়াধীন। এ ছাড়া নেদারল্যান্ডস থেকে দুটি ড্রেজার সংগ্রহের কার্যাদেশ দেওয়া হয়েছে এবং সরকারের নিজস্ব অর্থায়নে পাঁচটি ড্রেজার সংগ্রহের কাজ প্রক্রিয়াধীন।