তিন আলোকচিত্র সাংবাদিককে নির্যাতনকারী পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অনুরোধ জানিয়েছে প্রথম আলো।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এই অনুরোধ জানিয়ে গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন।মতিউর রহমান চিঠিতে উল্লেখ করেন, ‘২৬ মে প্রথম আলোর তিনজন আলোকচিত্র সাংবাদিক ও একজন প্রদায়ককে পুলিশ যেভাবে নির্যাতন করেছে, তা আমাদের খুবই মর্মাহত ও আতঙ্কগ্রস্ত করেছে। শত শত লোকের সামনে পুলিশ এই সাংবাদিকদের কেবল পিটিয়েই ক্ষান্ত হয়নি, তাঁদের টানাহেঁচড়া করে থানায় নিয়ে যায়। একটি কক্ষে তাঁদের আটক রেখে মামলার হুমকি দেয়। থানায় তাঁদের তৃষ্ণা নিবারণের পানিটুকু পর্যন্ত দেওয়া হয়নি।’চিঠিতে আরও বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশের মতো একটি দায়িত্বশীল সুশৃঙ্খল বাহিনীর এরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। এটি শুধু পুলিশের সুনাম ও শৃঙ্খলাভঙ্গই নয়, ফৌজদারি অপরাধও বটে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। ইতিমধ্যে সহকারী কমিশনার শহীদুল ইসলামসহ পুলিশের ১০ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে—এ কথা উল্লেখ করে প্রথম আলোর সম্পাদক আশা প্রকাশ করেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি আইনের আওতায়ও আনা হবে।এদিকে আহত তিন আলোকচিত্র সাংবাদিক সাজিদ হোসেন, জাহিদুল করিম ও খালেদ সরকার গতকাল পুলিশের তদন্ত কমিটির কাছে লিখিতভাবে নির্যাতনের বর্ণনা দিয়েছেন। তাঁরাও এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ফৌজদারি আইনে বিচারের দাবি করেছেন।সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে প্রগতিশীল শিল্প ও গণমাধ্যম কর্মী ফোরাম। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক আবদুল্লাহ্ শাহরিয়ার।তিন আলোকচিত্র সাংবাদিককে পুলিশের নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেছেন নিউইয়র্কে বাংলা সংবাদমাধ্যমের কর্মীরা। জ্যাকসন হাইটসের একটি হোটেলে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা এ ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্কে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান। বক্তব্য দেন ক্লাবের সদস্য সালাহউদ্দিন আহমেদ, এ বি এম সালেহ, জাফর মাহমুদ, ম ই শাহীন, রিমন ইসলাম প্রমুখ।