ফৌজদারি আদালতে দেনমোহর আদায়ের চর্চা আইনসিদ্ধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচলিত আইনে কোনো ফৌজদারি আদালতে দেনমোহর আদায়ের কোনো সুযোগ নেই। এটা একচেটিয়াভাবে (Exclusive Jurisdiction) পারিবারিক আদালতেরই বিচার্য বিষয়। পারিবারিক আদালত একটা বিশেষ আদালত। এই আদালত প্রতিষ্ঠাই করা হয়েছে শুধু পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য। তালাক, দেনমোহর, ভরণপোষণ, শিশুসন্তানের অভিভাবকত্ব, দাম্পত্য অধিকার ইত্যাদি বিষয়ে যেকোনো মোকদ্দমা গ্রহণ, বিচার ও নিষ্পত্তির একচ্ছত্র এখতিয়ার এখন পারিবারিক আদালতের হাতে। এসব বিষয়ে অন্য কোনো আদালতে মোকদ্দমা দায়ের বা প্রতিকার চাওয়ার সুযোগ নেই। এটাই বিদ্যমান আইনের বিধান। আগে স্ত্রী-সন্তানের ভরণপোষণ আদায়ের জন্য ফৌজদারি কার্যবিধিতে কিছু বিধান ছিল। ওই বিধানগুলোও এখন বিলুপ্ত। এর মাধ্যমে পারিবারিক আদালতের বিচার্য বিষয়ে ওই আদালতের এখতিয়ার নিরঙ্কুশ করা হলো। তাই স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আনীত ফৌজদারি (যৌতুক নিরোধ বা নারী নির্যাতন আইনে) মামলায় দেনমোহর চাওয়া, আসামিকে (স্বামী) দেনমোহর পরিশোধের জন্য চাপ দেওয়া কিংবা জামিনদানের পূর্বশর্ত হিসেবে আদালতের দেনমোহর দিয়ে দেওয়ার আদেশ কিংবা আত্মসমর্পণ করা আসামিকে (স্বামী) দেনমোহর পরিশোধে অক্ষমতা বা অস্বীকৃতির দরুন জামিন না দিয়ে হাজতে আবদ্ধ করা; বিবিধ প্রক্রিয়ায় দেনমোহর আদায়ের চর্চা কোনোভাবে আইনসিদ্ধ নয়। এটা ঠিক, পারিবারিক আদালতরূপী দেওয়ানি আদালতে বিচারপ্রক্রিয়া অনেক দীর্ঘসূত্র এবং ব্যয়বহুল। সেখানে দেনমোহর আদায় করতে গেলে অনেক সময় লাগবে। বিপরীতে ফৌজদারি আদালতের বিচারব্যবস্থা তুলনামূলকভাবে দ্রুত ও কঠোর। তাই হয়তো স্ত্রীদের অসুবিধা বিবেচনায় কোনো কোনো ফৌজদারি আদালত এ ধরনের এখতিয়ারবহির্ভূত চর্চায় অংশ নিচ্ছেন। কিন্তু আইনের চোখে বিষয়টি সমর্থনযোগ্য নয়। সাক্ষাৎকার নিয়েছেন  আফতাব উদ্দিন ছিদ্দিকী