মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির সমস্যাগুলো চিহ্নিত করে সম্ভাব্য সমাধান প্রস্তুত করেছে আইন কমিশন। কার্যবিধির তদন্ত, বিচার ও আপিল পর্যায়ে কিছু অংশে সংস্কারের প্রস্তাব করা হয়েছে। খসড়াটি শিগগিরই চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।কমিশনের সুপারিশের মধ্যে রয়েছে পেশাদার তদন্তব্যবস্থা গড়ে তোলা, আপিল আদালতের সংখ্যা বাড়ানো, সমন, পরোয়ানা ইত্যাদির বিধি যুগোপযোগী করা, আধুনিক পদ্ধতিতে সাক্ষ্য রেকর্ড, মামলা স্থগিতের সীমা স্থির করে দেওয়াসহ বেশ কিছু ব্যবস্থা।আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘মামলার দীর্ঘসূত্রতার অবসানে কমিশনের কর্মপরিকল্পনা অনুসারে আমরা ফৌজদারি কার্যবিধির সমস্যাগুলো চিহ্নিত করে সম্ভাব্য সমাধান তুলে ধরে সুপারিশ তৈরি করছি। এটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি এ মাসের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো যাবে।’তদন্তকাজ সম্পর্কে সুপারিশ: কমিশনের সূত্রমতে, পর্যালোচনায় বলা হয়েছে, ফৌজদারি মামলার বিচারকাজে তদন্তকারী কর্মকর্তার ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও দেশে পেশাদার ও স্থায়ী তদন্তকারী সংস্থা কার্যকর নেই। তাই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের অপরাধ দমনের পাশাপাশি তদন্তের কাজ করতে হয়। এ কারণে একটি সাধারণ অপরাধের তদন্ত শেষ করতে ছয় মাস থেকে এক বছর সময় লাগে। কর্মকর্তার অদক্ষতায় তদন্তকাজের গুণগত মান প্রত্যাশিত পর্যায়ের হয় না। রাসায়নিকসহ বিভিন্ন পরীক্ষার ফল পেতে বছরের পর বছর সময় লেগে যাওয়ায় তদন্ত ও বিচারে বিলম্ব হয়।খসড়ায় সম্ভাব্য সমাধান হিসেবে বলা হয়, এ জন্য একটি স্থায়ী, পেশাদার ও দক্ষ অপরাধ তদন্ত সংস্থা গড়ে তুলতে হবে। যত দিন পর্যন্ত তা করা সম্ভব না হয়, তত দিন পর্যন্ত অপরাধ তদন্তকারী কর্মকর্তাদের শুধু ওই কাজের জন্য আলাদা রাখতে হবে। বিশেষ কারণ ছাড়া কোনো মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে বদলি না করার বিধি তৈরি করতে হবে। প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে আলামতসহ বিভিন্ন রাসায়নিক পরীক্ষার সর্বাধুনিক ব্যবস্থা এবং এর প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্দিষ্ট করতে হবে। সময়সীমার মধ্যে পরীক্ষার কাজ শেষ করতে ব্যর্থ হলে শৃঙ্খলামূলক ব্যবস্থার সুনির্দিষ্ট বিধান রাখার সুপারিশ করা হয়েছে।সূত্র জানায়, সমন, গ্রেপ্তারি পরোয়ানা ও ক্রোকি পরোয়ানার বিদ্যমান বিধান সময়ের পরিপ্রেক্ষিতে অপ্রয়োজনীয় উল্লেখ করে তা বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। আদালতে হাজির হতে সমন জারিসংক্রান্ত ৭০ ধারা অনুযায়ী পরিবারের শুধু পুরুষ সদস্যদের ওপর জারির বিধান সংশোধন করে সমন পাওয়া ব্যক্তির অনুপস্থিতিতে পরিবারের যেকোনো বয়স্ক সদস্যের নামে জারির বিধান করার প্রস্তাব করা হয়েছে।পুলিশ কর্তৃক সাক্ষীদের পরীক্ষা: খসড়ায় বলা হয়েছে, অধিকাংশ সময় দেখা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা অবহেলা, নিজের ইচ্ছা বা আসামিপক্ষের প্রলোভনে সঠিক সময়ে ঘটনাস্থলে না গিয়ে, সাক্ষীদের পরীক্ষা না করে, দেওয়া বিবৃতি না লিখে প্রতিবেদন দেন। এতে আসামিরা সুবিধা পায় এবং খালাস পর্যন্ত পেয়ে যায়। সমাধান হিসেবে ১৬১ ধারা অনুযায়ী রেকর্ডকৃত বক্তব্যে সাক্ষীর স্বাক্ষর বা টিপসই গ্রহণ বাধ্যতামূলক করা এবং প্রয়োজনে রেকর্ডার, ভিডিও ক্যামেরাসহ ইলেকট্রনিক মাধ্যমে ধারণ করে রাখার প্রস্তাব করা হয়েছে।বিচারকাজ সম্পর্কে: সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোনো যুক্তিসংগত কারণে আদালত যেকোনো সময়ের জন্য অনুসন্ধান বা বিচার আরম্ভ করা মুলতবি রাখার আদেশ দিতে পারেন। খসড়ায় বলা হয়েছে, এ জন্য সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হলে মামলা দ্রুত নিষ্পত্তি হবে। কমিশন মনে করে, স্থগিতের সময়সীমা ৩০ দিন হতে পারে।আপস-মীমাংসার পরিধি বৃদ্ধি: ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারায় আপসের যে বিধান রয়েছে, তা পর্যাপ্ত নয় বলে মনে করে কমিশন। কমিশনের খসড়া প্রস্তাবে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির সম্ভাব্য ক্ষেত্রগুলো উল্লেখ করা হয়েছে। সূত্র জানায়, কার্যবিধিতে উল্লেখ করা পরিধি বাড়ানো উচিত বলে কমিশন মনে করে। তবে গুরুতর অপরাধগুলো আপস-মীমাংসা পদ্ধতির অন্তর্ভুক্ত করা উচিত নয়।খসড়ায় বলা হয়েছে, আপসযোগ্য মামলায় বিচারের যেকোনো পর্যায়ে বাদী বা এজাহারকারী বা ভিকটিম আপসের আবেদন করলে আদালত সংক্ষিপ্ত শুনানির দিন ধার্য করে আপসের পদক্ষেপ গ্রহণ করবেন—এ ধরনের বিধান করা যেতে পারে। তবে এ জন্য ফৌজদারি কার্যবিধি সংশোধন করার প্রয়োজন হবে।আপিল সম্পর্কে: কমিশনের খসড়ায় বলা হয়েছে, ফৌজদারি বিচারব্যবস্থায় বিচারাধীন আপিল মামলার সংখ্যা অনেক। কোনো সাজাপ্রাপ্ত আসামি একবার আপিল আদালত থেকে জামিনে গেলে তাঁর মামলা নিষ্পত্তিতে আগ্রহ থাকে না। এ ছাড়া আপিল আদালতে আপিল শুনানির পর বিচারিক আদালতের মতো পূর্ণাঙ্গ রায় লিখতে হয় বলে অনেক সময় ব্যয় হয়। এতে অমীমাংসিত আপিল মামলার জট বাড়ছে। সম্ভাব্য সমাধানে কমিশন ফৌজদারি আদালতের সংখ্যা অনুপাতে আপিল আদালতের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে। প্রতিটি জেলায় বা দায়রা বিভাগে বিশেষ দায়রা আপিল আদালত প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। ওই আদালতে আপিল নিষ্পত্তির বাধ্যতামূলক সময় বেঁধে দিতে হবে, যে জন্য সিআরপিসির ৪৪২(ক) ধারা সংশোধন করতে হবে। আপিল আদালত কর্তৃক যেনতেন কারণে মামলা রিমান্ডে (পুনর্বিচারের জন্য বিচারিক আদালতে ফেরত পাঠানো) পাঠানোর ওপর বিধিনিষেধ আরোপ করতে হবে। দুই বছরের বেশি সাজার ক্ষেত্রে সাজাপ্রাপ্ত আসামিকে ৯০ দিনের বেশি জামিন না দিতে আপিল আদালতকে নিরুৎসাহিত করার সুপারিশসহ আরও কয়েকটি সমাধান তুলে ধরা হয়েছে।