ফ্যালকাও ‘বাঘ’ হলেন যেভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগায় মেসি-রোনালদো দ্বৈরথের মধ্যেও নিজেকে নিয়ে আসতে পেরেছেন পাদপ্রদীপের আলোয়। রাদামেল ফ্যালকাও এখন ডিফেন্ডারদের কাছে মূর্তিমান আতঙ্ক। লম্বা চুলের এই কলম্বিয়ান স্ট্রাইকারের অবশ্য একটা মানানসই ডাকনামও আছে—‘দ্য টাইগার’। কীভাবে এই নাম হলো তাঁর? সে এক মজার কাহিনি...তখনো তিনি ফ্যালকাও হয়ে ওঠেননি। খেলতেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের যুব দলে। একদিন প্রতিন্দ্বন্দ্বী ক্লাব হুরাকেনের বিপক্ষে দুই গোল করে বসলেন ফ্যালকাও। সেই ম্যাচটার স্পনসর ছিল আবার একটি পেট্রল কোম্পানি ‘এসো’, যাদের প্রতীক ছিল বাঘ। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা ফ্যালকাওয়েরই পাওনা ছিল। পেয়েছিলেনও। কিন্তু সেই পুরস্কার হাতে নেওয়ার পর তাঁকে সবাই ডাকতে শুরু করল ‘ দ্য এসো টাইগার’ নামে।গঞ্জালো লুদুয়েনা ছিলেন রিভার প্লেটে ফ্যালকাওয়েরই সতীর্থ। দ্য টাইগার নামটা হয়তো সবাই দুদিন পর ভুলেই যেতেন। কিন্তু ভুলতে দিলেন না লুদুয়েনা। যখনই ফ্যালকাও গোল করেন, লুদুয়েনা ‘বাঘ’ বলে চিৎকার দিয়ে ওঠেন। দিন-রাত কেউ কিছু বলতে থাকলে সেটা তো কিছুটা প্রভাব ফেলেই। এর পর থেকে রাদামেল বা ফ্যালকাও কোনোটাই নয়, সতীর্থদের কাছে পরিচিত হন দ্য টাইগার নামেই। লুদুয়েনা যে বাঘকে বিড়াল ভেবে ভুল করেননি, সেটা তো এখন দেখতেই পাচ্ছেন! পরে এক সাক্ষাৎকারে লুদুয়েনা দুষ্টুমি করে বলেছেন , ‘আমি কিন্তু একটা কৃতিত্ব পেতেই পারি!’বক্সে দারুণ ক্ষিপ্র, ডিফেন্ডারদের ছিটকে ফেলে দেওয়ার ক্ষমতা, বিস্ময়কর গোল-ক্ষুধা—সব মিলিয়ে মাঠে ফ্যালকাওয়ের বিচরণ বাঘের মতোই। বাঘ যেমন শিকারের জন্য অপেক্ষা করে সঠিক সময়ের, বক্সে ফ্যালকাও তেমনি যেন ওত পেতে থাকেন বলের জন্য। তাঁর শ্যেন দৃষ্টি ডিফেন্ডারদের ওপর। এতটকু ভুল করলেই সেটার ফায়দা তুলবেন সঙ্গে সঙ্গেই। শিকারি বাঘের মতোই তীক্ষ দৃষ্টি ফ্যালকাওয়ের। পোর্তো থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যখন এলেন, তখনো তাঁর ‘টাইগার’ নামটা মুছে যায়নি। ২৫০ কেজি ওজনের রয়েল বেঙ্গল টাইগার ও ৭০ কেজির ওজনের একটা সার্বিয়ান ব্যাঘ্রশাবকের সঙ্গে তাঁর ফ্রেমবন্দী হওয়ার কারণ এটাই। অ্যাটলেটিকো তো ফ্যালকাওয়ের সঙ্গে বাঘের একটি ভিডিওই ছেড়েছে। আপনি যখন অ্যাটলেটিকোর ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামের দিকে যাবেন, দেখবেন রাস্তার পাশে নামফলকগুলো কেমন যেন অদ্ভুত ঠেকছে। দেখবেন লাল ত্রিভুজের মধ্যে একটা বাঘের মুখ, যেন সব দলকে স্টেডিয়ামে ঢোকার আগেই সতর্ক করে দেওয়া হচ্ছে, সাবধান, এখানে বাঘের বসবাস! ওয়েবসাইট অবলম্বনে