এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’
ফ্যাশন ডিজাইনারদের অনেক পরীক্ষামূলক কাজ করতে হয়...
এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১ ফেব্রুয়ারি এসেছিলেন ‘বাংলার মেলা’ ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী ও ডিজাইনার এমদাদ হক। কথা বলেছেন কথাবন্ধু জয়ীর সঙ্গে। ফ্যাশন ডিজাইনিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অনুষ্ঠানে অতিথি বন্ধু ছিলেন ফ্যাশন ডিজাইনিংয়ে অধ্যয়নরত (পড়াশোনার পাশাপাশি কোর্স করছেন) দুই শিক্ষার্থী ইডেন কলেজের ছাত্রী মুর্শিদা হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইরফাত জাহানকথাবন্ধু: বাংলার মেলা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলুন।এমদাদ হক: বাংলার মেলা প্রতিষ্ঠানের যাত্রা ১৬ জন সহযোগীকে নিয়ে শুরু করি। প্রথম শুরু করি বনানীতে। প্রায় ১০ বছর হয়ে গেছে। এখন আমাদের প্রায় নয়টি শাখা রয়েছে। আমরা সব সময় পণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রাখার চেষ্টা করি। আদিবাসীদের নিয়েও কাজ করছি। দেশি পণ্য তৈরিতে বাংলার মেলা সব সময় মাটির সঙ্গে সম্পৃক্ত থাকতে চায়। এ ক্ষেত্রে আমরা প্রথমেই পণ্য এবং ভোক্তাদের চাহিদার দিকে বেশি নজর দিয়ে থাকি। বাংলার মেলা নান্দনিক শিল্পের মাধ্যমে দেশীয় সংস্কৃতি প্রচার করছে।কথাবন্ধু: পড়াশোনার পাশাপাশি ফ্যাশন ডিজাইনের ওপর কি আলাদা কোনো প্রশিক্ষণ নিতে হয়?এমদাদ হক: এ জন্য তিন ও ছয় মাসের একটি স্বল্পমেয়াদী কোর্স রয়েছে। এ ছাড়া এক ও দুই বছরের ডিপ্লোমাও করা যায়। ফ্যাশন ডিজাইনারদের শেখার কোনো শেষ নেই। ফ্যাশন ডিজাইন শুধু কাপড় কাটা আর সেলাই করা নয়; এ জন্য একটি বড় প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া উচিত। কাপড়ের ব্যবহার, রঙের ব্যবহার, বিভিন্ন উপাদানের ব্যবহার, শরীরের মাপ, দেশীয় ফ্যাশন, দেশের বাইরের ফ্যাশন এবং বাজারজাতকরণ সম্পর্কে অনেক বেশি ধারণা থাকতে হবে।কথাবন্ধু: বাংলাদেশের কোন প্রতিষ্ঠান থেকে এ বিষয়ের ওপর কোর্স বা প্রশিক্ষণ নেওয়া যেতে পারে?এমদাদ হক: বাংলাদেশে ভালো কিছু প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বিআইএফটি (বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন) ও শান্ত-মারিয়ম বিশ্ববিদ্যালয় ভালো করছে। বারিধারায় আছে পার্ল। ধানমন্ডিতে আছে রেডিয়েন্ট। আরও কিছু ভালো প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার মান অনেক ভালো। তবে ফ্যাশন ডিজাইনারদের কাগজে-কলমে পড়াশোনা ছাড়াও হাতে-কলমে শেখাটা খুবই জরুরি। কারণ ফ্যাশন ডিজাইনারদের অনেক পরীক্ষামূলক কাজ করতে হয়।কথাবন্ধু: পড়ালেখার পাশাপাশি এ ধরনের পেশায় কি থাকা সম্ভব?এমদাদ হক: অবশ্যই সম্ভব। সাধারণ পড়ালেখার পাশাপাশি অনেকেই এখন ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন। একই সঙ্গে কাজও করছেন। ফলে সহজেই অভিজ্ঞতা অর্জন করা যায়। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে প্যাটার্ন অ্যান্ড মোটিফ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে কাজ করা। অর্থাৎ কী করতে চাচ্ছেন এবং কেন করতে চাচ্ছেন সে সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হয়ে কাজ করা।ইরফাত জাহান: এ জন্য দেশের বাইরে থেকে এই বিষয়ের ওপর কোনো ডিগ্রি নেওয়া যায় কি?এমদাদ হক: অবশ্যই দেশের বাইরে থেকে ডিগ্রি নেওয়া যাবে। ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়তে আমাদের দেশ থেকে এখন অনেকেই যাচ্ছেন। ডিগ্রি নিয়ে ফিরে এসে দেশের জন্য তাঁরা কাজও করছেন।কথাবন্ধু: বিপণন বিষয়ের সঙ্গে ফ্যাশন ডিজাইন কীভাবে জড়িত বা এটি কীভাবে একজন ফ্যাশন ডিজাইনারকে সাহায্য করতে পারে?এমদাদ হক: বাঙালি কিন্তু অনেক অভিজ্ঞতাসম্পন্ন। আমাদের দেশে একজন ফ্যাশন ডিজাইনারকে নকশা করা থেকে শুরু করে ক্রেতা নির্ধারণ, বাজারজাতকরণ, কাদের জন্য তৈরি করছেন—সবকিছুই মাথায় রেখে কাজ করতে হয়। মার্কেটিং বা বিপণন সম্পর্কে ফ্যাশন ডিজাইনারদের জানতে হবে। কার জন্য তৈরি করছেন, কে কিনছেন, কোথা থেকে কিনছেন, সেদিকে লক্ষ রাখতে হবে।কথাবন্ধু: ফ্যাশন ডিজাইনারের জন্য সৃজনশীলতা কতটা জুরুরি?এমদাদ হক: খুবই জরুরি। প্রত্যেক মানুষই কিন্তু সৃজনশীল। বাকিটা হচ্ছে পুরোপুরি চর্চার বিষয়। যত চর্চা করা যাবে, ততই সৃজনশীলতার প্রকাশ ঘটবে। এ জন্য প্রতিষ্ঠানের শপিং ব্যাগও কিন্তু সৃজনশীলতা দিয়েই তৈরি করতে হয়। একই সঙ্গে ক্যাশ মেমোও কিন্তু প্রতিষ্ঠানের প্রচার করে। ফ্যাশন ডিজাইনারদের সৃজনশীলতা তাঁদের কাজের মধ্যেই থাকে।কথাবন্ধু: বর্তমানে বাংলাদেশে এই পেশার গুরুত্ব বা চাহিদা কেমন? ভবিষ্যতে এটি আরও কতটা গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করেন?এমদাদ হক: ভবিষ্যতে এই পেশার চাহিদা অনেক, অসীম। আমাদের দেশে প্রায় ১৪ কোটি মানুষের বসবাস। একেক অঞ্চলের মানুষ একেক রকম। এত পোশাক তৈরি করার মতো ডিজাইনার আমাদের দেশে নেই। এ পেশার চাহিদা প্রতিনিয়তই বাড়ছে।শ্রোতা বন্ধু মাজেদ (খুদেবার্তা থেকে): ফ্যাশন ডিজাইনের সঙ্গে মার্চেনডাইজের কোনো ভূমিকা আছে কি?এমদাদ হক: মার্চেনডাইজিং আসলে তৈরি পোশাক শিল্প এবং বায়িং হাউসের জন্য দরকার। ফ্যাশন ডিজাইনারদের কিন্তু খুব একটা দরকার নেই। আমাদের দেশে ফ্যাশন শো দিয়ে নিজেদের দেশি পোশাকগুলো মানুষের মধ্যে তুলে ধরা যায়।কথাবন্ধু: ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে আরও ভালো কিছু দেওয়ার জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কি?এমদাদ হক: বাংলার মেলাকে আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমার একটা ফ্যাশন পাঠশালা আছে। যদি আর্থিক সুযোগ-সুবিধা পাই, তাহলে শান্তিনিকেতনের মতো একটা ফ্যাশন স্কুল করার ইচ্ছে আছে। আর দেশের বাইরে নিজেদের পণ্য উপস্থাপন করতে চাই।কথাবন্ধু: একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে পেশা গড়ার ক্ষেত্রে আপনার দিকনির্দেশনা কী হবে?এমদাদ হক: ফ্যাশন ডিজাইনার হিসেবে পেশা গড়ার ক্ষেত্রে প্রথমেই দরকার ধৈর্য, অধ্যবসায় আর পড়াশোনা। বই পড়ার কোনো বিকল্প নেই। অনেক বই পড়তে হবে। ভালো সিনেমা দেখতে হবে। ১০টা বই পড়লে একটা ভালো ডিজাইনের পরিকল্পনা তৈরি করা যায়। আর দেশকে ভালোবাসতে হবে। দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে হবে।গ্রন্থনা: সুদীপ দে