এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে গত ২৪ জানুয়ারি এসেছিলেন ফ্যাশন ডিজাইনার ও ‘ফ্যাশন পাঠশালা’র উদ্যোক্তা এমদাদ হক। তিনি কথা বলেছেন কথাবন্ধু ফারজানার সঙ্গে। ফ্যাশন ডিজাইন এবং এ পেশার নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনিকথাবন্ধু: বাংলাদেশে ফ্যাশন ডিজাইনকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ কতটুকু?এমদাদ হক: বাংলাদেশে বর্তমানে এ সুযোগ অনেক বেশি। ১৬ কোটি মানুষের দেশে এখন পোশাকের চাহিদা অনেক। পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, শার্টসহ প্রতিটি পোশাক এখন দেশীয় কাপড়ে তৈরি হয়। গার্মেন্টসে আমরা সবচেয়ে বেশি এগিয়ে আছি। এখানে বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে হয় পোশাকের নমুনা নিয়ে। এ ক্ষেত্রে ফ্যাশন ডিজাইনারদের বড় একটি ভূমিকা রয়েছে। বর্তমানে অন্যান্য পেশার মতো ফ্যাশন ডিজাইনারদের চাহিদাও ব্যাপক। তাই ফ্যাশন ডিজাইনকে পেশা হিসেবে নেওয়া যায়।কথাবন্ধু: ফ্যাশন পাঠশালা প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে কিছু বলুন?এমদাদ হক: ঢাকা শহরে এখন অনেক ফ্যাশন স্কুল চালু হয়েছে। আরও অনেকে শুরু করছেন। এ জন্য হাতেকলমে শিক্ষা ও অভিজ্ঞতা থাকা জরুরি। পড়াশোনা করেও কাজ করতে এসে দেখা যায় অনেকে এ বিষয়ে বিস্তারিত জানেন না। এ জন্য সবকিছু মিলিয়েই ফ্যাশন পাঠশালা। চোখে পড়ার মতো পণ্য বা পোশাকই হচ্ছে ফ্যাশন। আর পাঠাশালার আছে শিকড়ের সন্ধান। সব মিলিয়েই ফ্যাশন পাঠশালা।কথাবন্ধু: ‘কোর কনসেপ্ট’ সম্পর্কে বিস্তারিত কিছু বলুন?এমদাদ হক: কোনো একটি ধারণা বা নমুনা নিয়েই কিন্তু পোশাক তৈরি করা হয়। যদি বৈশাখ কনসেপ্ট নিয়ে কাজ করতে হয়, সে ক্ষেত্রে আমি চাইব লাল নিয়ে কাজ করতে। এ জন্য হয়তো জবা ফুলের একটি ধারণা নিয়ে কাজ করব। এ জন্য জবা ফুলই হচ্ছে আমার পণ্যের কনসেপ্ট বা ধারণা। তাই এ ফুলকে পাতা ছোট-বড় করে বিভিন্ন নকাশায় আনব। সব মিলিয়ে জবা ফুলই প্রাধান্য পাবে। এখানে আমি কোনোভাবেই গোলাপ ফুলকে টানব না। ফ্যাশনের ক্ষেত্রে ডিজাইনার কীভাবে এবং কোন জিনিসকে প্রকাশ করতে চান, সেটিই দেখার বিষয়। যদি সুন্দরবন অথবা কক্সবাজারকে ধরা হয়, সে ক্ষেত্রে সবুজ, আকাশ ও সমুদ্রকেই বেছে নিতে হবে। এরপর যেতে হবে মাধ্যমে। এ জন্য সিল্ক, নাকি কটন, নাকি খাদি ব্যবহার করব, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া ব্লক, স্ক্রিন, নাকি এমব্রয়ডারি করা হবে, সেটিও ঠিক করতে হবে। একই সঙ্গে পণ্যটি দেখতে কেমন হবে, বাজেট কেমন হবে এবং এটি কারা কিনবেন—তা-ও এর মধ্যে থাকতে হবে; এর পরই হচ্ছে প্রেজেন্টেশন। পুরো বিষয়টিই হচ্ছে কোর কনসেপ্ট।কথাবন্ধু: ফ্যাশন ডিজাইনার হতে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে?এমদাদ হক: এইচএসসি পাস হওয়া উচিত। যদি কেউ শখ করে আসতে চান, সে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মুখ্য নয়। এ জন্য প্রয়োজন শেখার আগ্রহ। তবে এখানে ইংরেজিতে একটু ভালো হতে হয়। কারণ, এখানে কিছু ইংরেজি শব্দ ব্যবহার হয়। ফ্যাশন হচ্ছে কম্বিনেশন অব সায়েন্স অ্যান্ড আর্টস। এ জন্য পড়াশোনা করেই এখানে আসা উচিত।শ্রোতাবন্ধু সামা (খুদেবার্তা থেকে): এ বিষয়ে পড়াশোনার জন্য কোথা থেকে প্রশিক্ষণ নিতে পারব? যেকোনো প্রশিক্ষণকেন্দ্রের ঠিকানা জানতে চাই?এমদাদ হক: ফ্যাশন পাঠশালায় এক বছরের একটি কোর্স রয়েছে। এটিকে আমরা বলি পরীক্ষামূলক সার্টিফিকেট কোর্স। এটি হিস্ট্রি অব ফ্যাশন, মেটারিয়াল এক্সপ্লোরেশন কালার, বেসিক ডিজাইন, স্টাইলিং, মার্চেন্ডাইজিং, মিডিয়া ব্র্যান্ডিং ইত্যাদি মিলিয়েই এক বছরের একটি কোর্স। এ ছাড়া স্টাইলিং বিষয়টি এখন ফ্যাশনের সঙ্গেই সম্পৃক্ত। এ জন্য আমাদের সঙ্গে অনেক বিশেষজ্ঞও আছেন। ফ্যাশন পাঠাশালা হাতেকলমে শিক্ষাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। এ ব্যাপারে আপনি চাইলে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারেন—কী করবেন। তবে সরকারি পর্যায়ে এখনো কোনো ফ্যাশন স্কুল চালু হয়নি। ফ্যাশন পাঠশালার ঠিকানা: ৩৩৬/সি, তেজগাঁও (নাবিস্কোর বিপরীতে)। এ ছাড়া ই-মেইল করতে পারেন [email protected]—এই ঠিকানায়।কথাবন্ধু: ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে দেশের সাংস্কৃতিক বিষয়গুলো কতটা প্রভাব বিস্তার করে?এমদাদ হক: ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে সাংস্কৃতিক বিষয়গুলো মাথায় রেখেই কাজ করতে হয়। এ জন্য দেশ সম্পর্কে, দেশের সংস্কৃতি সম্পর্কে অনেক বেশি জানা উচিত। কারণ, আমরা চাইলেই দেশের সংস্কৃতির বাইরে যেতে পারি না। এ বিষয়গুলো অবশ্যই ফ্যাশন ডিজাইনারদের খেয়াল রাখতে হয়।কথাবন্ধু: বুটিক হাউসগুলো ঈদ, পুজো ও বাংলা নববর্ষের সময় বিভিন্ন ডিজাইন ও কনসেপ্টের পোশাক নিয়ে আসে। এ কনসেপ্ট বা ধারণাগুলো আপনারা কোন বিষয়ের ওপর ভিত্তি করে ভাবেন?এমদাদ হক: প্রতিবছরই পণ্যের মধ্যে নতুনত্ব থাকতে হবে। মনে রাখতে হবে, প্রতিটি দিনই হবে নতুন। বৈশাখ মানেই লাল। এ জন্য যদি লালের সঙ্গে নীল দেওয়া হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ কনসেপ্টই পরিবর্তন হয়ে যায়। যদি সূর্য নিয়ে ধারণা করা হয়, সে ক্ষেত্রে সেখানে লাল, কমলা, হলুদসহ অনেক রং চলে আসে। আমার মনে হয়, প্রতিটি ফ্যাশন হাউস চেষ্টা করে নিজস্ব স্টাইলের ভেতরে থেকে কীভাবে নতুন একটি পোশাক দেওয়া যায়।কথাবন্ধু: চিত্রকলার সঙ্গে ফ্যাশন ডিজাইনিংয়ের সম্পর্ক কতটুকু?এমদাদ হক: চিত্রকলার সঙ্গে ফ্যাশন ডিজাইনিংয়ের সম্পর্ক সবচেয়ে বড়। চিত্রকলা দিয়েই কিন্তু ফ্যাশন শুরু হয়। একটি সরলরেখা দিয়েও কিন্তু পুরো ধারণার পরিবর্তন করা যায়। চিত্রকলা দিয়ে পোশাকের নকশা তৈরি হয়। কাটিং করতে হয়। ফ্যাশন ডিজাইনিংয়ে চিত্রকলা ছাড়া কিছু সম্ভব নয়।কথাবন্ধু: নতুনদের জন্য আপনার দিকনির্দেশনা বা পরামর্শ কী হবে?এমদাদ হক: শখ করে অনেকেই ফ্যাশন ডিজাইনিংয়ে আসছেন। আমি বলব, এ শখই যেন আপনার পেশা হয়। আপনি যে পরিকল্পনা করেছেন, সেটা যেন পূর্ণতা পায়। অনেকেই বাজেটের কারণে ঝরে পড়ে। এ জন্য পরিকল্পনা করেই আসা উচিত। এখানে ছোট ছোট বিষয়ের প্রতি খেয়াল রাখতে পারলে অনেক বড় একটি জায়গায় আপনি যেতে পারেন। গ্রন্থনা সুদীপ দেসংশোধনীগত সপ্তাহের সাক্ষাৎকারে ছবির ক্যাপশনে ভুলবশত এস এম রুম্মান ওয়াহিদের নাম ছাপা হয়েছে।আসলে নামটি হবে মিজানুর রহমান। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। বি.স।