ফ্যাশন ডিজাইনারের একদিন
পোশাক শুধু মানুষকে সাজায় না, ব্যক্তিত্ব এবং রুচিও তৈরি করে দেয়। আবার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে এ পোশাক। আর মানানসই, সুন্দর পোশাক তৈরি করেন একজন ফ্যাশন ডিজাইনার। কেমন কাটে তাঁর একেকটি দিন—জানাচ্ছেন ফ্যাশন হাউস সাদাকালোর তাহসীনা শাহীনআমার সকালটা শুরু হয় রবীন্দ্রসংগীত দিয়ে। সাতটায় ঘুম থেকে উঠি।এরপরই ‘তারা মিউজিক’ চ্যানেলে রবীন্দ্রসংগীত শুনি। হাত-মুখ ধুয়ে সকাল আটটায় বাচ্চাকে ঘুম থেকে তুলে স্কুলের জন্য তৈরি করি। আমার সারা দিনের প্রতিটি কাজের সময় ধরে ধরে মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখি, যাতে সময়মতো সব কাজ সেরে ফেলতে পারি। সকালে নিজে কিছুক্ষণ হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করি। নয়টা বাজার ১০ মিনিট আগে বাচ্চাকে স্কুলে নামিয়ে দিই। অফিসে যাওয়ার পথে মাকে একবার ফোন করি। নয়টার মধ্যে অফিসে পৌঁছে যাই।অফিসে গিয়ে কম্পিউটারে গান ছেড়ে দিই। হিসাব, উৎপাদন ও ডিজাইন বিভাগের খোঁজখবর নিই। এরপর পোশাকের ডিজাইন নিয়ে নতুন নতুন চিন্তাভাবনা করি। কী করলে ভালো হবে, তা নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করি। বুটিকের পেছনের নানা কাজ থাকে। সেগুলোর তদারকি করি। দুপুর পৌনে ১২টায় ছেলের স্কুল ছুটি হয়। তখন বাসায় ফোন করে খোঁজ নিই। দেড়টায় বাচ্চা খেয়ে নিল কি না, তা জেনে নিজে দুপুরের খাবার সেরে নিই। এরপর আবার অফিসের কাজ দেখতে যাই। সব তলা (ফ্লোর) ঘুরে আসি। বিকেল সাড়ে তিনটায় বাসায় ফোন করি। ছেলেটি ঘুমাল কি না, তার খবর নিই। বিকেল সাড়ে পাঁচটায় বাসায় গাড়ি পাঠিয়ে দিয়ে ছেলেকে অফিসে নিয়ে আসি।কোনো অনুষ্ঠান না থাকলে রাত আটটার মধ্যে বাসায় ফিরি। যৌথ পরিবার আমাদের। বাসায় ফিরে সবার সঙ্গে কথা বলতে বেশ খানিকটা সময় চলে যায়। আমার তিন বোন দেশের বাইরে থাকে। সকালে সময় না পেলে, প্রতিদিন রাতে আধা ঘণ্টা কথা বলি তাদের সঙ্গে। এটি অভ্যাসে পরিণত হয়েছে। রাত নয়টার দিকে রাতের খাবার খাই। সাড়ে ১০টার দিকে শুয়ে পড়ি। অনুলিখন: তৌহিদা শিরোপাঅনুলিখন- তৌহিদা শিরোপা