ফ্যাশন হাউসে বিচিত্র পোশাকের সমাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছাদের নিচে বাস করলেও সারা বছর নানা বিষয়ে ভিন্নমত থাকে প্রিয়জনদের মাঝে। বছরের অন্য সময়ে নানা বিষয়ে ভিন্নমত থাকলেও অন্তত ঈদের দিনটা শুরু হয় মতের মিল দিয়েই। মনের এই ঐকতান ঈদের পোশাকে আশ্রয় নেয়। পরিবারের বাবা, মা, ছেলে-মেয়ে, এমনকি প্রবীণ সদস্যদেরও যুগল কিংবা দ্বৈত পোশাকের সন্ধান মিলছে রাজধানীর ফ্যাশন হাউসগুলোতে। নগরের বিভিন্ন ফ্যাশন হাউস ঘুরে চোখে পড়ল যুগল জীবনের নজরকাড়া পোশাক। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, যুগল পোশাক নিয়ে তাদের আগ্রহও বেশ। পাশাপাশি সব বয়সের ক্রেতার সব রকমের পোশাকের চাহিদা পূরণ করেছে ফ্যাশন হাউসগুলো।নিত্যনতুন নকশা ও ধারণায় দেশীয় পোশাকশিল্প দিন দিন পাচ্ছে ভিন্ন মাত্রা। ঋতুবৈচিত্র্যের সঙ্গে পোশাকের রয়েছে অপূর্ব মেলবন্ধন। ঋতুভেদে পোশাকের নকশায় যেমন পরিবর্তন আসে, তেমনি উৎসব ঘিরে থাকে ব্যাপক আয়োজন।বনানীর ১১ নম্বর সড়কে দেখা গেল, কেনাকাটার কমতি নেই। পূর্ব-পশ্চিম লম্বা এই সড়কটির দুই পাশে দেশি বুটিকের সমারোহ। ঈদ উপলক্ষে দোকানগুলোতে জমকালো সাজসজ্জা। সিল্ক, এন্ডি, ধুপিয়ান ও সুতি কাপড়ের ওপর স্ক্রিনপ্রিন্ট, ব্লক, অ্যাপ্লিক, এমব্রয়ডারি করা হয়েছে ফ্যাশন হাউসের পোশাকগুলোতে। শার্ট, পাঞ্জাবি, কুর্তার দাম পড়বে ৫০০ থেকে ৪০০০ টাকা। থ্রিপিসের দাম ১৫০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত। শাড়ি পাওয়া যায় ৭০০ থেকে ৬০০০ টাকায়। যুগল পোশাক হিসেবে ফ্যাশন হাউসগুলোতে পুরুষের ফতুয়ার সঙ্গে একই রং ও নকশার মেয়েদের সালোয়ার-কামিজ, ফতুয়া-শাড়ি, পাঞ্জাবি-শাড়ি, পাঞ্জাবি-সালোয়ার কামিজ এসেছে এবারের ঈদের বাজারে। পাঞ্জাবি বা ফতুয়া রয়েছে ছোট-বড় নানা মাপের। সালোয়ার-কামিজ কিংবা শাড়ির বেলাতেও রাখা হয়েছে এই সুযোগ। ফ্যাশন হাউসের যুগল পোশাকের মূল বৈশিষ্ট্য হচ্ছে কাপড় ও নকশার মিল। একরঙা বা একই নকশার কাপড়ে প্রায় সব হাউসে যুগল পোশাক পাওয়া যাচ্ছে। এ ক্ষেত্রে ক্রেতারা নিজেরাও মিলিয়ে নিতে পারবেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারিবা ইসলাম এসেছিলেন একটি ফ্যাশন হাউসে কেনাকাটা করতে। এই দম্পতি কিনেছেন পাঞ্জাবি ও সালোয়ার। সাইফুল জানালেন, ফ্যাশন হাউসগুলো বাজারের গড়পড়তা ডিজাইনের চেয়ে ভিন্নতা আনেন তাঁদের পোশাকে। তা ছাড়া এখানে একসঙ্গে অনেকগুলো বুটিক থাকায় সহজেই যাচাই-বাছাই করে কেনাকাটা করা যায়। এ জন্য এখান থেকেই কেনাকাটা করতে পছন্দ করেন তাঁরা। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়ক, নাটক সরণি (বেইলি রোড), মালিবাগ ও ধানমন্ডির সোবহানবাগে রয়েছে কে ক্রাফট, বাংলার মেলা, দেশাল, নগরদোলা, বিবিআনা, জলরং, অন্যমেলা, সাদাকালো, অঞ্জন’স, ওজি, জয়নব, অন্যরকম, সাজ, ট্রেন্ডসসহ বিভিন্ন ফ্যাশন হাউসের বিক্রয়কেন্দ্র। এ ছাড়া শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিত্যউপহার, বাঙ্গাল, দেশাল, তারা মার্কা, পৌষ, দাঁড়কাকের প্রতিষ্ঠানগুলো ঈদ সামনে রেখে খাটঝুলের পাঞ্জাবি, ফতুয়া শাড়ি ও টি-শার্ট—এসবের বিশেষ আয়োজন রেখেছে। আর তাদের আয়োজনে মূর্ত হয়ে উঠেছে দেশীয় শিল্প, সাহিত্য এবং ঐতিহ্য। বই কিংবা চলচ্চিত্রের পাশাপাশি মানুষের পোশাকেও দেশ-বিদেশের নানা ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিত্বের পরিচিতিও ফুটে উঠেছে।আজিজ সুপার মার্কেটে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিক ও আরমান। একটি খাটঝুলের পাঞ্জাবি কিনলেন আতিক। আরমান কিনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির ছাপ দেওয়া টি-শার্ট। কথা বলে জানা গেল, ঈদ উপলক্ষেই তাঁদের এই কেনাকাটা। আতিক বললেন, ‘আজিজ মার্কেট থেকে কিনলে অন্তত একটা ব্যাপারে নিশ্চিত হতে পারি, এই নকশা বাইরে কোথাও পাওয়া যাবে না।’ আরমান জানালেন, সীমিত বাজেটের কারণে তিনি আজিজ মার্কেট থেকে জামাকাপড় কেনার সিদ্ধান্ত নিয়েছেন।