ফ্যাশনে কাজের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কিছু করা। পেশাজীবনে সবাই এটা চায়। নিজেকে আলাদাভাবে তুলে ধরার বাসনা সবার মধ্যেই থাকে। ফ্যাশন ডিজাইন তেমনই একটি পেশার ক্ষেত্র। ব্যতিক্রম কিছু করে দেখানোর সুযোগ আছে এ জায়গাটায়—সেটা পোশাকে কিছু এঁকেই হোক অথবা কোনো নতুন নকশা তৈরি করেই হোক। কার পোশাক কতটা সুন্দর—এ নিয়ে চলে নিত্য প্রতিযোগিতা। এ থেকেই বোঝা যায়, পোশাকের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে। বেড়েছে সচেতনতাও। পোশাকে নকশার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে প্রতিনিয়ত। এ পরিবর্তনের কারণটাই ফ্যাশন ডিজাইনকে জনপ্রিয় করে তুলেছে। অঞ্জন’স-এর স্বত্বাধিকারী এবং অলংকারক শাহীন আহম্মেদ বলেন, ‘যখন কোনো খাত ভালো করতে থাকে, তখন অনেক লোক সেই খাতের ব্যাপারে উৎসাহী হয়ে ওঠে। সে হিসেবে গত পাঁচ বছরে আমাদের দেশে অনেক ফ্যাশন ডিজাইনার তৈরি হয়েছেন। ফ্যাশন উদ্যোক্তার সংখ্যা অনেক বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। এটা প্রয়োজনের কারণেই বাড়ছে। আগে একটা ধারণা ছিল, ভালো পোশাক মানেই বাইরের দেশ। ধারণাটি এখন বদলে গেছে।’ ফ্যাশন ডিজাইনার হতে চাইলেসৃজনশীলতা। ফ্যাশন ডিজাইনার হওয়ার প্রথম শর্ত। নতুন কিছু করার মাধ্যমেই আপনি এ পেশায় অর্জন করতে পারবেন ভিন্ন পরিচয়। ‘এখন সবাই বিভিন্ন ফ্যাশন হাউস ঘুরে দেখে, অন্যের কাজ দেখে অনুপ্রাণিত হয়। সে রকম কাজ করতে চায়। এটা ভালো দিক। কিন্তু তার মধ্যে নতুন কিছু করার যোগ্যতা থাকতে হবে।’ বলেন ফ্যাশন হাউস ‘রঙ’-এর অন্যতম স্বত্বাধিকারী ও অলংকারক বিপ্লব সাহা। ফ্যাশন ডিজাইনার যে কেউ হতে পারে, দরকার নকশার প্রতি ভালোবাসা। পাশাপাশি প্রচুর চর্চা। ছোট পরিসরেই শুরু করতে পারেন আপনার যাত্রা। বাসার ভেতরে অথবা গ্যারেজেই বিভিন্ন উৎসবের সময় প্রদর্শনী করতে পারেন। ‘অন্য যেকোনো মাধ্যমে পড়ে এসেও এ পেশায় কাজ করা যায়। তবে চারুকলা পড়ে এলে সবচেয়ে ভালো হয়। এ বিষয় থেকে যাঁরা পড়ে আসেন, তাঁদের কাজ করার অভিজ্ঞতা ভালো হয়। এ পেশায় আসতে হলে রং সম্পর্কে ধারণা এবং হাতে ছবি আঁকার চর্চা থাকা জরুরি। এ বিষয়গুলো ফাইন আর্টস বিভাগে পড়লে জানা যায়।’ বললেন বিপ্লব সাহা। নিজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আঁকার চর্চা করতাম। পরে চারুকলায় পেইন্টিং বিভাগে পড়েছি। কাজ করার সময় এ দুটো জিনিসের মিলিত প্রয়াসেই এখন কাজ করতে পারছি।’ তবে যাঁরা অন্য বিভাগে পড়েছেন, কিন্তু কাজ করতে চাচ্ছেন এ পেশায়, তাঁদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। বিভিন্ন প্রতিষ্ঠানে এ বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স আছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিআইএফটি), শান্ত-মারিয়ম ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন (এনআইএফডি), রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন, ডিজাইন ইনস্পাইরেশন, পার্ল ফ্যাশন ইনস্টিটিউট প্রভৃতি। ফ্যাশন উদ্যোক্তা হতে চাইলেনকশার প্রতি ভালো লাগা থাকলে যে শুধু ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করা যায় তা নয়, বরং নিজেও হতে পারেন একজন ফ্যাশন উদ্যোক্তা। ফ্যাশন উদ্যোক্তাকে যে ডিজাইনার হতেই হবে এমন কোনো কথা নেই।এ সম্পর্কে শাহীন আহম্মেদ বলেন, ‘এমন অনেক ফ্যাশন উদ্যোক্তা আছেন, যিনি ডিজাইনার নন। তিনি ফ্যাশন ডিজাইনারকে নিয়োগ দেন।কিন্তু ফ্যাশন ডিজাইন ও বাজার সম্পর্কে তাঁর ধারণা থাকতে হবে।’ ফ্যাশন উদ্যোগ গ্রহণের আগে আইনগত বিষয়ের দিকে নজর দিতে বললেন শাহীন আহম্মেদ।জানালেন, ‘সব দেশেই নিয়ম হলো ব্যবসা উদ্যোগ শুরুর আগেই লাইসেন্স করা, আমাদের দেশেও তাই। দোকান চালুর আগে ট্রেড লাইসেন্স করে নেওয়া উচিত। দোকান শুরুর আগে ভ্যাট রেজিস্ট্রেশনও করে ফেলা উচিত।’ একজন ফ্যাশন উদ্যোক্তার জন্য দরকারি ক থেকে চন্দ্রবিন্দু। একজন ফ্যাশন উদ্যোক্তাকে সবকিছু বুঝতে হবে, জানতে হবে। সময়, সামাজিক প্রেক্ষাপট, আবহাওয়া, গ্রাহকের পছন্দ-অপছন্দ—সবকিছুই উদ্যোক্তার মনে রাখা একান্ত জরুরি। জানতে হবে কেনাকাটার কৌশল। খোঁজ নিতে হবে বাজার সম্পর্কে। কোন কাপড়ের চাহিদা বেশি—এটাও বুঝতে হবে। গ্রাহকই একজন ফ্যাশন উদ্যোক্তার কাছে শেষকথা। তাদের অভিযোগ, মতামত—সবই শুনতে হবে মনোযোগ দিয়ে। প্রয়োজন বোধে পরিবর্তনও আনতে হবে পোশাকের ক্ষেত্রে। শাহীন আহম্মেদ জানান, উদ্যোক্তাদের দূরদর্শী হতে হবে। সামনে কী পরবে, পরবে না। কোন ফ্যাশন আসবে, আসবে না—সব খবর রাখতে হবে। ইন্টারনেট, টিভির মাধ্যমে বাইরের দেশের ধারণা পাওয়া যায় খুব সহজেই। ওই ধারণা রাখতে হবে। কোথায় কোথায় প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে, তা জানতে হবে। পোশাক তৈরির উৎস খুঁজে বের করতে হবে। নিজস্ব কারখানা না থাকলে ভালো কারখানা সম্পর্কে ধারণা রাখতে হবে। তিনি আরও বলেন, ‘খুব দ্রুত বড় হয়ে যাওয়ার চিন্তা, তাড়াতাড়ি লাভের চিন্তা করা উচিত নয়। বরং দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করে ধৈর্য ধরে এগোতে হবে।’ব্যাংকঋণ বৃত্তান্তপুঁজি অল্প কিংবা বড়, মূল বিষয় এটি নয়। উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করার ইচ্ছেটাই আসল। ব্যাংকঋণ সম্পর্কে শাহীন আহম্মেদ বলেন, ‘ফ্যাশন উদ্যোক্তাদের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আকারের প্রতিষ্ঠানের ভেতরে ফেলা হয়। যেকোনো ব্যাংকই ঋণ দিয়ে থাকবে ফ্যাশন উদ্যোক্তাদের। নতুনদের কোনো কিছুর মর্টগেজ ছাড়াই ১০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা আছে এসএমইর অন্তর্গত করে। কিছু কিছু ব্যাংক আরও বেশি দেয়। নারী উদ্যোক্তা হলে যেকোনো ব্যাংক থেকেই বিশেষ ১০ শতাংশ সুদে ঋণ পাবেন। অন্যদের ক্ষেত্রে এটি ১৩ শতাংশ।’ ফ্যাশন হাউস ছোট হোক কিংবা বড়, লোকবল লাগবেই। বিশ্বস্ত হওয়ার পাশাপাশি তাদের হতে হবে কর্মঠও। তবে প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে যে কতজন লোকবল লাগবে। কারখানা, প্রোডাকশন হাউস ও শোরুমের সমন্বয়ে ফ্যাশন হাউস হলে ১০ থেকে ১২ জনের মতো লাগবে। শুধু ডিজাইনার ও দোকান হলে চার-পাঁচজন লাগবে। যদি বাইরে থেকে শুধু কাপড় নিয়ে এসে দোকানে বিক্রি করা হয়, তাহলে সে সংখ্যা আরও কমে যাবে। লোকজনের আনাগোনা বেশি, এমন একটি জায়গা বেছে নেওয়া উচিত দোকানের জন্য। সেটা শপিং মলের ভেতরেও হতে পারে, রাস্তার পাশেও হতে পারে। তবে কেনাকাটার কিছু নির্দিষ্ট এলাকা থাকে, সে এলাকায় দোকান দিলে বেশি ভালো হবে। কর্মসংস্থানের সুযোগফ্যাশন হাউসগুলোতেও বিভিন্ন পদে লোক নেওয়া হয়। বিভিন্ন মাধ্যমে পড়ে এসে এখানে চাকরি করা যাবে। ‘বিপণনে পড়ে ফ্যাশন হাউসের বিপণন বিভাগে কাজ করা যাবে। তেমনি কেউ চাইলে ইংরেজিতে পড়ে এসেও জনসংযোগ বিভাগে কাজ করতে পারবেন।’ বলেন নগরদোলার প্রধান পরিচালন কর্মকর্তা মো. আলী আফজাল।যেসব ফ্যাশন হাউস পরিসরে বড়, তাদের কাজের সুবিধার্থেই বিভিন্ন বিভাগ গঠন করা হয়। এ রকম কয়েকটি বিভাগের নাম উল্লেখ করেন মো. আলী আফজাল। ফ্যাশন মার্চেন্ডাইজিং, গ্রাফিকস ডিজাইন, দোকান ব্যবস্থাপনার মতো কাজগুলোও খুব গুরুত্বপূর্ণ ফ্যাশন হাউসের জন্য। এ ছাড়া প্রোডাকশন, প্রকিউরমেন্ট, মিডিয়া, অনুসন্ধানকারী দলের মতো বিভাগও থাকে বর্তমানে ফ্যাশন হাউসগুলোতে।