ফ্যাশনের প্রদর্শনী
ফ্যাশন শো এখন নগরের অন্যতম আয়োজনে পরিণত হয়েছে। নতুন কোনো পোশাক, গাড়ি, এমনকি নতুন কোনো মোবাইল ফোন-ল্যাপটপ বাজারে আনার ক্ষেত্রে আয়োজকেরা ঝুঁকছেন ফ্যাশন শোর দিকে। আর এই শীতের মৌসুমে নগরে বিভিন্ন মেলা-উৎসবে অনুষঙ্গ হয়ে আসছে ফ্যাশনের প্রদর্শনী। গমগমে বাদ্যের তালে কিংবা পপ-জ্যাজ সংগীতের সঙ্গে তাল মিলিয়ে মডেলদের পা ফেলা আর পোশাক প্রদর্শন দর্শককে মুগ্ধ করে। তন্বী মডেলদের ক্যাটওয়াক দেখে মুগ্ধ হয়েও অনেকে ছুটে আসছেন এই ফ্যাশন শোগুলোয়। বর্ণিল আলো-আঁধারির খেলায় আর জমকালো কোরিওগ্রাফির মায়ায় পুরো অনুষ্ঠানই হয়ে ওঠে মোহনীয়।এই তো কয়েকদিন আগেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম ব্রাইডাল ফেস্টিভাল। মিররের আয়োজনে এই বিয়ে উৎসবের সমাপনী অনুষ্ঠানের একটা বড় অংশ জুড়ে ছিল দেশের নামীদামি মডেলদের ফ্যাশন শো। একই মডেল কখনো শাড়ি, কখনো জিনস, টি-শার্ট, কখনো আবার টপস পরে এসে দর্শকদের সঙ্গে দেখা করে গেলেন। র্যাম্পের ওপর মডেলরা আসছেন একজনের পর একজন। অনেক সময় আবার দুই প্রান্ত থেকে দুজন পাশাপাশি। তাঁদের দেখে মনে হয়, প্রত্যেকে বোধহয় গুনে গুনে পা ফেলেই আসেন। কেবল নিখুঁতভাবে হেঁটে চলা নয়, মুখভঙ্গিতেও পারদর্শী হতে হয় মডেলদের। তাই বুঝি কয়েক কদম হেঁটে আসার পর একেকজন মডেল র্যাম্পের একেবারে শেষ মাথায় এসে একবার মাথাটাকে ডানে একবার বাঁয়ে বাঁকিয়ে নিজের অস্তিত্বকে জানান দেন।