ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল সোমবার এসেছে নতুন অ্যালবাম কল্পনাতে। শিল্পী আলিফ আলাউদ্দিন। এটি বাজারে এনেছে অগ্নিবীণা। কথা হলো আলিফের সঙ্গে। ‘কল্পনাতে’ আপনার কত নম্বর অ্যালবাম?তৃতীয়। প্রথমটি সেই তুমি এলে এসেছিল ১৯৯৯ সালে। দ্বিতীয়টি ডাকে আমায় ২০০৬ সালে। নতুন অ্যালবামটি প্রকাশ করেছে অগ্নিবীণা, পৃষ্ঠপোষক রবি। অ্যালবামের গানগুলো নিয়ে কিছু বলুন।এটি আমার একক অ্যালবাম। তিনটি দ্বৈতকণ্ঠের গানও রয়েছে এতে। এ গানগুলোতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও শওকত আলী ইমন। ফ্রাংক সিনাত্রার ‘সামথিং স্টুপিড’ ও স্মুকি রবিনসনের ‘ক্রুজিং’ গান দুটির বাংলা রূপ গেয়েছি। প্রথমটির বাংলা রূপান্তর করেছেন অর্থহীনের সুমন আর পরেরটি করেছি আমি। অ্যালবামে আমি নিজের লেখা সাতটি গান গেয়েছি। ওই দুটি ইংরেজি গান ছাড়া প্রায় সব কটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন আমার স্বামী ফয়সাল। ও এখন রবিতে মার্কেটিং ম্যানেজার পদে আছে। একটি গানের সুর করেছেন শওকত আলী ইমন। আমার গানগুলোতে রাতের একটা প্রভাব আছে। কারণ, পুরো অ্যালবামের কাজটাই রাতে করেছি।আপনি তো পেন্টাগন ব্যান্ডের সদস্য ছিলেন।দুই বছর আগে আমরা পেন্টাগন থেকে বেরিয়ে এসেছি। আমার সঙ্গে ছিলেন ফয়সাল ও অমি। পরে আমরা তিনজন মিলে আরেকটি ব্যান্ড গড়েছি, নাম ফোরটিন্থ ফ্লোর। আমরা নিয়মিত বিভিন্ন শো করছি। এ বছরই আমাদের ব্যান্ডের প্রথম অ্যালবাম বের করার পরিকল্পনা আছে। একক অ্যালবাম বের করতে এতটা সময় নিলেন কেন?মাঝে তিন বছর পেন্টাগনের কাজ করেছি। এরপর আমি মা হয়েছি। আমার মেয়ে ফিওনার বয়স ১৪ মাস। ‘ফিওনা’ আইরিশ শব্দ, অর্থ হলো সৎ। অন্য দুটি অ্যালবামে বাবা আলাউদ্দিন আলীর সুর করা গান করেছিলেন। এবার কিন্তু দেখছি না।হ্যাঁ। তবে আগামী অ্যালবামে বাবার গান রাখব। তিনি এবারের গানগুলো শুনেছেন। নিজের মতামত জানিয়েছেন। মাকেও (সালমা সুলতানা) শুনিয়েছি। তিনি খুব প্রশংসা করেছেন।