ফ্রান্সকে মালির ইসলামপন্থীদের হুমকি
মালির ইসলামপন্থী জঙ্গিরা আজ সোমবার ফ্রান্সকে হুঁশিয়ার করে বলেছে, দেশটি মালিতে দীর্ঘমেয়াদি আফগানযুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। চার দিন ধরে ফরাসি যুদ্ধবিমানগুলো মালিতে ইসলামপন্থী জঙ্গিদের শক্তিশালী ঘাঁটিগুলোর ওপর বোমা বর্ষণ করছে। এর জবাবে জঙ্গিরা আজ থেকে পাল্টা আক্রমণ শুরু করেছে। রয়টার্স জানায়, গত বছরের এপ্রিলে মালির উত্তরাঞ্চলের ব্যাপক অংশ জঙ্গিরা দখল করে নেয়। এ অঞ্চলে তারা ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র তৈরি করেছে। ফ্রান্স গতকাল রোববার থেকে মালিতে জঙ্গি অবস্থানের ওপর তার রাফায়েল যুদ্ধবিমান ও গ্যাজেল হেলিকপ্টার নিয়ে হামলা চালাচ্ছে। এ ছাড়া মালির রাজধানী বামাকোতে হাজার হাজার সেনার সমাবেশ ঘটাচ্ছে ফ্রান্স।মালির উত্তরাঞ্চল থেকে জঙ্গিদের উচ্ছেদে ফরাসি সরকার বদ্ধপরিকর। ফ্রান্সের আশঙ্কা এ অঞ্চলেটি ইয়েমেন, সোমালিয়া ও উত্তর আফ্রিকার আল-কায়েদা জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হতে যাচ্ছে। জঙ্গিরা এখানে সংগঠিত হতে পারলে, পরে পশ্চিমা দেশগুলোর ওপর হামলা চালাবে। আজ সোমবার রাজধানী বামাকো থেকে ৩৫০ কিলোমিটার দূরে দিয়াবালি এলাকায় জঙ্গিরা দেশটির সেনাবাহিনীর অবস্থানের ওপরে হামলা চালিয়েছে। এলাকাবাসী বলছেন, জঙ্গিরা গভীর রাতে উত্তর দিক থেকে শহরটিতে ঢোকে। ধারণা করা হচ্ছে, মৌরিতানিয়া সীমান্তের যে এলাকায় আল-কায়েদার সহযোগী সংগঠন আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) ঘাঁটি গেড়েছে, সেদিক দিয়ে জঙ্গিরা শহরটিতে ঢোকে।ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জ্যাঁ লা দ্রিয়া বিএফএম টেলিভিশনকে বলেন, ‘মালির সেনাদের সঙ্গে লড়াই করে জঙ্গিরা দিয়াবালি দখল করে নেয়।’ তবে ফ্রান্স ও মালির সেনারা শহরটি পুনর্দখলের চেষ্টা করছেন বলেও তিনি জানান।ইসলামপন্থী জোটের অন্যতম শরিক মুভমেন্ট ফর ওয়াননেস অ্যান্ড জিহাদ ইন ওয়েস্ট আফ্রিকার (এমওজেডব্লিউএ) মুখপাত্র বলেন, ফ্রান্সের জনগণকে অবশ্যই বিমান হামলার পরিণাম ভোগ করতে হবে। রোববার গাও এলাকার ঘাঁটিতে বিমান হামলায় বেশ কিছু জঙ্গি নিহত হয়। সংগঠনটির মুখপাত্র ওমর উল্ড হাম্মাদা ইউরোপ ওয়ান রেডিওকে বলেন, ‘পুরুষ হলে তাদের উচিত মাটিতে দাঁড়িয়ে লড়াই করা। আমরা অস্ত্র দিয়ে তাদের আমন্ত্রণ জানাব। ফ্রান্স দেশটির জনগণের জন্য দোজখের দরজা খুলে দিয়েছে। দেশটি এমনটি একটি ফাঁদে পড়েছে যা ইরাক, আফগানিস্তান বা সোমালিয়ার চেয়ে বেশি ভয়ংকর।’ ফ্রান্স বলছে, গত শুক্রবার মালির সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা জঙ্গিদের ওপর হামলা চালায়। ইসলামপন্থীরা রাজধানী বামাকো দখলের জন্য ক্রমে অগ্রসর হচ্ছিল। রাজধানী হাতছাড়া হওয়ার আশঙ্কায় মালির সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চায়। সরকার জঙ্গিদের ওপর বিমান হামলা চালানোরও আহ্বান জানিয়েছিলেন।গত দুদিনে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে দুজন ফরাসি সেনা নিহত হয়েছেন।ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল বলেন, জঙ্গিদের দখল করা মালির উত্তরাঞ্চল পুনরুদ্ধারের জন্য পশ্চিম আফ্রিকার ১৫টি দেশ যে অভিযান শুরু করেছে, সেটিকে সহায়তা করাই হলো ফ্রান্সের মূল লক্ষ্য। গত ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া এক প্রস্তাব অনুসারে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইসিওডব্লিউএএস) জঙ্গি দমন অভিযানে নেতৃত্ব দিচ্ছে।