ফ্রান্সিস: লাতিন আমেরিকা থেকে প্রথম পোপ
রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে এবারই প্রথম কোন লাতিন আমেরিকান ‘পোপ’ হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার হোর্হে মারিও বেরগোগলিও। পোপ নির্বাচিত হওয়ার পর তিনি ফ্রান্সিস নাম ধারণ করেছন। চার্চটি প্রায় এক হাজার ৩০০ বছর পর ইউরোপের বাইরের কোনো দেশ থেকে পোপ নির্বাচিত করল। কয়েক শতাব্দী ধরে ইউরোপীয়দের মধ্য থেকে পোপ নির্বাচিত করার প্রথার পথ ছেড়ে কেন এই উল্টো দিকে হাঁটা—অনেকের মনে এখন এই প্রশ্ন। শিশুদের যৌন নিপীড়ন ও আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে বিতর্কের মুখে রয়েছে ভ্যাটিকানের ক্যাথলিক চার্চ। এ বিতর্কের অবসানের জন্য চার্চ এমন একজন ব্যক্তিকে প্রধান ধর্মযাজক হিসেবে চেয়েছে, যাঁর ভাবমূর্তি মানুষের কাছে উজ্জ্বল।লাতিন আমেরিকার দেশ থেকে বেছে নেওয়ার কারণ হিসেবে নির্বাচক কার্ডিনালেরা যেসব বিষয় বিবেচনা করেছেন, বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রায় ৪২ শতাংশ লাতিন আমেরিকায় বাস করে। ওই অঞ্চল দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত। তবে পশ্চিমের তুলনায় সেখানে ধর্মপ্রচারকারী চার্চের সংখ্যা অনেক বেশি। এ ছাড়া ওই অঞ্চলের মানুষ পশ্চিমাদের মতো ভোগবাদী নয়। তাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগও কম।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘পোপ হিসেবে ফ্রান্সিসকে নির্বাচন এমন এক অঞ্চলের ক্ষমতা ও প্রাণশক্তির কথা বলছে, যে অঞ্চল দিন দিন বিশ্বকে একটি কাঠামোয় দাঁড় করাচ্ছে।’ইতালির ধর্মতত্ত্ববিদ মাসসিমো ফাজ্জিওলির মতে, এবার বেনেডিক্টের মতো অ্যাকাডেমিক বা ভ্যাটিকানের ভেতরকার কোনো ব্যক্তিকে নির্বাচিত করা হয়নি, বরং এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে, যাজক হিসেবে যাঁর দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, নতুন পোপ জীবনের তাত্পর্যের বিষয়ে সজাগ থাকবেন।’ লাতিন আমেরিকার অধিকাংশ মানুষ নিজেদের মানুষকে পোপ হিসেবে পেয়ে খুশি হলেও তিনি পুরোপুরি বিতর্কের ঊর্ধ্বে নন। মেক্সিকো সিটির ওয়েব ডিজাইনার ড্যানিয়েল ভিল্লালপান্ডোর মতে, ‘তাঁরা আরেকজন পুরোনো চিন্তাধারার মানুষকেই নির্বাচিত করেছেন। তিনি অবশ্যই লাতিন, তবে তাঁরা লাতিনদের মধ্যে সবচেয়ে ইউরোপীয় ধাঁচের মানুষটিকেই বাছাই করেছেন।’ রয়টার্স।