ফ্রান্সে গ্রেপ্তার হতে পারেন পিপ্পা
কেট মিডলটনের ছোট বোন পিপ্পা মিডলটনকে গ্রেপ্তার করতে পারে ফ্রান্সের পুলিশ। দ্য সানের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে পিপ্পার এক বন্ধু প্রকাশ্যে পিস্তল বের করে এক চিত্রগ্রাহকের দিকে তাক করায় পুলিশ ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।২৭ বছর বয়সী পিপ্পা এবং তাঁর তিন ছেলে বন্ধু প্যারিসে একটি গাড়িতে অবস্থান করছিল। এ সময় গাড়ির চালকের আসনে বসা ব্যক্তি পিস্তল বের করে তা ঘোরাতে থাকে। এ দৃশ্য দেখে তিনি ও তাঁর অন্য বন্ধুরা হাসাহাসি করছিলেন।দ্য সান জানিয়েছে, প্যারিসের বিচারিক পুলিশ এ বিষয়ে একটি তদন্ত করতে পারে। এ ঘটনায় পিপ্পাকে গ্রেপ্তার এবং তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁকে বিচারের মুখোমুখি করা হতে পারে। ফ্রান্সের আইন অনুযায়ী, জনসম্মুখে আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধার আছে। আর পিস্তলটি যদি নকলও হয়, তা হলেও সংশ্লিষ্টরা দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।