ফ্রান্সে দুর্নীতির অভিযোগে দুই প্রতিমন্ত্রীর পদত্যাগ
ফ্রান্সে দুইজন প্রতিমন্ত্রী ব্যয়সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়ে গতকাল রোববার পদত্যাগ করেছেন। তাঁদের এই পদত্যাগ প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সরকারের জন্য বিব্রতকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ দুই মন্ত্রী এমন এক সময় পদত্যাগ করলেন, যখন সারকোজির সরকার জনগণের প্রতি সংযম ও কৃচ্ছ্রতা সাধনের আহ্বান জানাচ্ছেন। সারকোজির দপ্তর থেকে এক বার্তায় বলা হয়, পদত্যাগকারী দুজন হলেন বৈদেশিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালেইন জয়ানডেট ও বৃহত্তর প্যারিস এলাকার প্রতিমন্ত্রী ক্রিশ্চিয়ান ব্ল্যাঙ্ক।জয়ানডেট এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রাষ্ট্রীয় তহবিল থেকে ১,১৬,৫০০ ইউরো দিয়ে একটি ব্যক্তিগত জেট বিমান ভাড়া করেন এবং প্যারিস থেকে মারটিনিকে আসা-যাওয়া করায় সমালোচনার সম্মুখীন হন। আর ব্ল্যাঙ্ক রাষ্ট্রীয় তহবিলের ১২ হাজার ইউরো খরচ করে হাভানা চুরুট কেনায় সমালোচিত হন।রাষ্ট্রীয় অর্থ অপচয়ের এ খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সরকার জনপ্রতিনিধিদের নানা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার পরিমাণ অনেক কমিয়ে দেয়।এদিকে সারকোজি, যাঁর নিজের জনপ্রিয়তা ক্রমশই কমছে এবং যাঁর অবসরকালীন ভাতা সংস্কারের পরিকল্পনা জনগণের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গত সপ্তাহে ইঙ্গিত দেন যে আগামী অক্টোবরে তিনি সরকার পুনর্গঠন করতে পারেন।